২৯তম বিসিএস : লিখিত পরীক্ষার নম্বরপত্র দেওয়া শুরু
২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে নম্বরপত্র দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে চারজন প্রার্থীকে নম্বরপত্র দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন, লিপান্তর শাখার পরিচালক এবং তথ্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।আশরাফুল ইসলাম, আশিষ কুমার ভক্ত, মাসুদ রাইহান ও ফাতিমা ফারজানা—এই চার প্রার্থীর হাতে নম্বরপত্র তুলে দেন পিএসসির চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, আগে বিসিএস পরীক্ষায় নম্বরপত্র দেওয়া হতো না। কিন্তু বিধিমালা সংশোধন করে ২৮তম বিসিএস থেকে নম্বরপত্র দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও নম্বরপত্র দেওয়া হলো। এর ফলে পরীক্ষার্থীরা তাঁদের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন এবং এতে স্বচ্ছতার সৃষ্টি হবে।আ ই ম নেছার উদ্দিন জানান, ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া মোট ৬৬৬ জন প্রার্থী এবার নম্বরপত্রের জন্য আবেদন করেছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাঁদের নম্বরপত্র দেওয়া হবে। চূড়ান্ত তারিখ পিএসসি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।এ বছরের ২৮ ফেব্রুয়ারি ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে পাঁচ হাজার ৬২ জন উত্তীর্ণ হন। এর মধ্যে এক হাজার ৭২২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।