২৯০০ বন্দীকে মুক্তি দেবে কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবা সরকার মানবিক কারণে সাধারণ ক্ষমার আওতায় আগামী দিনগুলোতে দুই হাজার ৯০০ বন্দীকে মুক্তি দেবে বলে জানিয়েছে। দেশটির কর্মকর্তারা গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। আগামী বসন্তে পোপ ষোড়শ বেনেডিক্টের সফর উপলক্ষে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। যেসব বন্দীকে মুক্তি দেওয়া হবে, তাঁদের মধ্যে কারাবন্দী মার্কিন নাগরিক অ্যালেন গ্রোস নেই। মার্কিন গোপন মিশনের আওতায় দেশটিতে ইন্টারনেট অবকাঠামো নির্মাণের অভিযোগে তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে কিউবা-মার্কিন সম্পর্কের অবনতি ঘটে। কিউবার সরকার জানিয়েছে, দেশটির ক্ষমতাসীন কাউন্সিল বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ন্যাশনাল অ্যাসেম্বলিতে পৃথক এক ঘোষণায় বলেছেন, পোপের আগমন ও অনুরোধ এবং কিউবার রোমান ক্যাথলিক চার্চের কর্মকর্তা ও কারাবন্দীদের পরিবারের সদস্যদের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে কিউবা বিপ্লবের মহানুভবতা ও শক্তি বলে অভিহিত করেন।এর আগে ২০১০ সালে কিউবা সরকার প্রায় ১০০ রাজবন্দীকে মুক্তি দেয়।