কোনো কোনো সংস্থার বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগ আছে
২৯৩১টি এনজিওর নিবন্ধন বাতিল
নিষ্ক্রিয়তা, বাৎসরিক হিসাব নিরীক্ষা প্রতিবেদন জমা না দেওয়া এবং গঠনতন্ত্রবিরোধী কাজের অভিযোগে ১৬ জেলায় দুই হাজার ৯৩১টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন বাতিল করেছে সরকার। সমাজসেবা অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব সংস্থার বিলুপ্তির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।সমাজকল্যাণসচিব কামরুন নেসা খানম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে নিবন্ধন নিয়ে অধিকাংশ সংস্থা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যবসা করে। তাদের অনেকের অফিস নেই। তিনি বলেন, কোনো কোনো সংস্থার বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তবে কোন কোন সংস্থার বিরুদ্ধে এ অভিযোগ আছে, তা সচিব বা অধিদপ্তরের কর্মকর্তারা সুনির্দিষ্ট করে বলেননি। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন আছে এমন স্বেচ্ছাসেবী সংস্থার সংখ্যা ৫৭ হাজার ৯৬৬টি। এর মধ্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিবন্ধন পায় ১৬ হাজার ৩৪১টি, ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত ছয় হাজার ৭০টি এবং ২০০৯ সালে নিবন্ধন পায় দুই হাজার ৩০৬টি সংস্থা। বিলুপ্ত করা সংস্থাগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল ১৯৬১ থেকে শুরু করে ২০০৯ সালের মধ্যে।সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সীতাংশু সেন প্রথম আলোকে বলেন, জেলা সমাজসেবা অধিদপ্তর অনেক যাচাই-বাছাই করে নিবন্ধনের ব্যাপারে সুপারিশ পাঠায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে, যে গঠনতন্ত্র জমা দিয়ে নিবন্ধন নেয়, সংস্থাটি তা লঙ্ঘন করছে।সূত্রমতে, সেবামূলক কাজ করার কথা বলে এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা এসব সংস্থার নিবন্ধন নিয়েছিলেন। মূলত শিশু-যুব-নারী কল্যাণ, প্রতিবন্ধী কল্যাণ, পরিবার পরিকল্পনা, চিত্তবিনোদন, সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা, কারামুক্ত ব্যক্তির পুনর্বাসন, কিশোর অপরাধীদের কল্যাণ, ভিক্ষুক ও দুস্থদের কল্যাণ, অসমর্থ ব্যক্তিদের কল্যাণ, সমাজকল্যাণ কাজে প্রশিক্ষণ ও সমাজকল্যাণ সংস্থাগুলোর সমন্বয়ের কাজে নিবন্ধন দেওয়ার বিধান আছে।সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থাগুলো উল্লিখিত কাজ বাস্তবায়ন করার কথা বলে নিবন্ধন নেয়, কিন্তু করে অন্য কাজ। কর্মকর্তারা আরও বলেন, নিবন্ধন বাতিল করার আগে জেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পর শুনানি হয়, শুনানির পর সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হামিদা বেগম প্রথম আলোকে বলেন, অনেক সংস্থা বহু দিন আগে নিবন্ধন নিলেও বর্তমানে তাদের কার্যক্রম নেই। বারবার শুনানির জন্য নোটিশ দিলেও তারা আসে না। তারা হিসাব নিরীক্ষা প্রতিবেদনও জমা দেয় না। চাঁপাইনবাবগঞ্জের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল খালেক বলেন, এসব সংস্থা পাঁচ বছর বা আরও বেশি সময় ধরে অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে না। কমপক্ষে তিনবার নোটিশ দিয়ে সাড়া পাওয়া যায়নি। তাদের অনেকের অফিসও খুঁজে পাওয়া যায়নি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্তৃক দুই বছর পরপর কমিটির অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে। এসব সংগঠন সে নিয়মও মানে না। এই জেলার ইসলামি মানব সংস্থা, কমিউনিটি ডেভেলপমেন্ট, দিশারী সংঘ, এসআরভির নিবন্ধনও বাতিল হয়েছে।নিবন্ধন বাতিল হয়েছে এমন একটি সংস্থা রাজবাড়ীর ইসলামিয়া এতিমখানা। কারণ হিসেবে বলা হয়েছে, সংস্থাটির অফিস নেই। পরিচালনা ঠিকভাবে হচ্ছে না বলে বারলাহুরিয়া ইসলামিয়া এতিমখানার নিবন্ধন বাতিল হয়েছে। এই জেলার খানখানাপুর যুব সংঘ, গ্রামীণ কল্যাণ সংস্থা, স্বাধীনতা স্মৃতি ক্লাব, ইহসান সমাজ উন্নয়ন সংস্থার নিবন্ধন বাতিল হয়েছে। নাটোরে বিলুপ্ত সংস্থাগুলোর মধ্যে বন্ধন মানবিক উন্নয়ন সংস্থা উল্লেখযোগ্য।জানা গেছে, জেলা সমাজসেবা কার্যালয় থেকে এসব সংস্থার নিবন্ধনের জন্য সুপারিশ করা হয়। অভিযোগ আছে, ভালোভাবে খোঁজখবর না নিয়ে এবং তথ্য যাচাই না করে তাদের নিবন্ধনের জন্য সুপারিশ করা হয়।