দেশব্যাপী দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ তফসিল অনুযায়ী, আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত তিন হাজার ৮১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এ তফসিল ঘোষণা করেন।এর আগে প্রথম দফায় গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় এলাকার ১২ জেলার ৫৫৩টি ইউপিতে নির্বাচন হয়।গতকাল ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ মে থেকে ৯ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ৭ মে থেকে ১১ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ মে থেকে ১৯ জুন। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১০ দিন, বাছাইয়ের জন্য দুই দিন, আপিল দায়ের ও নিষ্পত্তির জন্য ছয় দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের জন্য এক দিন বরাদ্দ রাখা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের দিন থেকে ভোট গ্রহণ পর্যন্ত ১৫ দিনের ব্যবধান রাখা হয়েছে।তফসিল ঘোষণার আগে সকালে নির্বাচন কমিশন নিজস্ব সম্মেলন কক্ষে আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তফসিল ঘোষণাকালে সিইসি জানান, ভোট গ্রহণ হবে ৩৬ দিনব্যাপী। কোথায়, কবে নির্বাচন হবে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা নির্ধারণ করবেন।কমিশন জানায়, ইতিমধ্যে উপকূলীয় এলাকায় নির্বাচন সম্পন্ন হওয়ায় পাঁচ জেলায় আংশিক এবং ৫২ জেলার সব ইউপিতে নির্বাচন হবে। এই ৫৭ জেলার মেয়াদোত্তীর্ণ তিন হাজার ৯৫২টি ইউপির মধ্যে নির্বাচন হবে তিন হাজার ৮১৩টিতে। এগুলোতে মোট ভোটার পাঁচ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৯২৯ জন। এর মধ্যে নারী তিন কোটি চার লাখ ২৩ হাজার ৫৪৬ জন এবং পুরুষ দুই কোটি ৯৫ লাখ সাত হাজার ৩৮৩ জন। প্রস্তাবিত ভোটকেন্দ্রের সংখ্যা ৩৬ হাজার ৯৯৩টি এবং ভোটকক্ষের সংখ্যা এক লাখ ৭৮ হাজার ৪৯৭টি। আইনি জটিলতা এবং নতুন সিটি করপোরেশন গঠনের পরিকল্পনা থাকায় অবশিষ্ট ইউপিগুলোতে নির্বাচন হচ্ছে না।রিটার্ন জমা না দিলে শাস্তিমূলক ব্যবস্থা: এ টি এম শামসুল হুদা বলেন, প্রত্যেক প্রার্থীকে ভোট গ্রহণ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা দিতে হবে। তা না হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। অতীতে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করার বিধান না থাকলেও এবার তা থাকবে।এ ছাড়া নির্বাচনী ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তফসিলি ব্যাংকে হিসাব (অ্যাকাউন্ট) খুলতে হবে। নির্বাচনী ব্যয়ের যাবতীয় টাকা এই ব্যাংক হিসাবের মাধ্যমে খরচ করতে হবে। তবে মেম্বার (সদস্য) পদপ্রার্থীদের জন্য এ বিধান প্রযোজ্য নয়। জামানত হিসাবে চেয়ারম্যান পদপ্রার্থীদের ট্রেজারি চালান, পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিংবা নগদে পাঁচ হাজার টাকা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। সদস্য পদপ্রার্থীদের জমা দিতে হবে এক হাজার টাকা। প্রত্যেক চেয়ারম্যান প্রার্থী সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নির্বাচনী ব্যয় করতে পারবেন, ব্যক্তিগত ব্যয় বাবদ খরচ করতে পারবেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা। সদস্য পদপ্রার্থীদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় এক লাখ টাকা এবং ব্যক্তিগত সর্বোচ্চ ব্যয় ১০ হাজার টাকা।সিইসি জানান, ভোট গ্রহণ হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণের দিন আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচনী অপরাধের জন্য যে কাউকে গ্রেপ্তার করতে পারবে। অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য পর্যাপ্তসংখ্যক বিচারিক হাকিম ও নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হবে।ইউপি নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের পূর্ববর্তী ২১ দিনের আগে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এ সময়ে রাস্তাঘাটে কোনো ধরনের দেয়াল লিখন, পোস্টার, ব্যানার, লিফলেট ইত্যাদি থাকলে তা মুছে ফেলতে হবে। কোনো প্রার্থী একটির বেশি নির্বাচনী ক্যাম্প করতে পারবেন না। প্রচারণার জন্য মাইক ব্যবহার করা যাবে বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।