তামিমের সেঞ্চুরি, ২য় ইনিংসে বাংলাদেশ ২২৮/৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা টেস্টে তৃতীয় দিন শেষে আজ মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২৮ রান। এর ফলে বাংলাদেশ মাত্র ৮৩ রানে পিছিয়ে আছে, হাতে আছে ৭ উইকেট। এর আগে ভারত প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৪৪ রান করে ইনিংস ঘোষণা করে। আর বাংলাদেশ করে ২৩৩। আজ বাংলাদেশের ২২৮/৩- এর পেছনে সবচেয়ে বড় অবদান তামিম ইকবালের। তামিম দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ১৫১ রানে আউট হন। জুনায়েদ করেন ৫৫ রান। তামিম ইকবালের সেঞ্চুরি পাওয়াটা ব্যাটিংয়ের এক অনুপম প্রদর্শনী। মাত্র ৯৮ বলে সেঞ্চুরি পূরণ করা তামিম ভারতীয় বোলারদের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চারদিকে আছড়ে ফেলেছেন অনন্য নির্মমতায়। তবে তিনি তাঁর এই পাওয়ার ব্যাটিংয়ের জন্য ধন্যবাদ দিতেই পারেন জুনায়েদ সিদ্দিকীকে। জুনায়েদের ধৈর্যশীল ব্যাটিং তামিমকে তাঁর স্বাভাবিক খেলায় সাহস জুগিয়েছে। বাংলাদেশের তিনটি উইকেটই নিয়েছেন ভারতীয় পেসার জহির খান। এর আগে ভারতের প্রথম ইনিংসে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পাননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ৮৯ রান করে রকিবুল হাসানের বলে মুশফিকুর রহিমের হাতে স্ট্যাম্পড আউট হন। বাংলাদেশের পক্ষে শফিউল ৮৯ রানে ৩ উইকেট নেন। সাকিব নেন ১১৮ রানে ২ উইকেট।