৩ ঘণ্টা পর দুই মহাসড়কে যান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে আজ সোমবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে উভয় মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়।উপজেলার সদর ইউনিয়নের পুট্টাপাড়া ও বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামবাসীর মধ্যে সকাল ১০টা থেকে পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের সহস্রাধিক লোক জড়িয়ে পড়ে। বেলা একটার দিকে সরাইল ও সদর থানা-পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক চন্দন চক্রবর্তী ও এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসানসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় লোকজন জানায়, সংঘর্ষের সময় বিশ্বরোডের একটি কনফেকশনারিসহ ফুটপাতে কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়। এ ছাড়া ঘটনার পর থেকে বিশ্বরোড মোড়ে দুই শতাধিক দোকানপাট বন্ধ রয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশসহ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।