৩ জুন অগ্নি-সচেতনতা দিবস পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি ফর বার্ন ইনজুরিস ৩ জুনকে সরকারিভাবে অগ্নি-সচেতনতা দিবস পালনের দাবি জানিয়েছে। আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আয়োজিত এক সেমিনারে এ দাবি উত্থাপন করে সোসাইটি।উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ প্রাণ হারায়।বাংলাদেশ সোসাইটি ফর বার্ন ইনজুরিসের প্রধান উপদেষ্টা ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জাতীয় প্রধান সমন্বয়কারী সামন্তলাল সেন বলেন, অগ্নিকাণ্ডের প্রধান কারণ সচেতনতার অভাব। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৩১২ জন রোগী চিকিত্সাধীন আছেন। এদের মধ্যে ১০৩ জনই শিশু। একটু সচেতন হলেই এই শিশুদের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করা যেত।সামন্তলাল সেন আরও বলেন, আগুনে পোড়ার চিকিত্সা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রীভূত না রেখে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে সম্প্রসারিত করা হয়েছে। চট্টগ্রাম, সিলেট, রংপুরে ইউনিট চালু করার কাজ সম্পূর্ণ। রাজশাহী, বগুড়া ও খুলনাতেও বিশেষজ্ঞ সার্জনদের পাঠানো হয়েছে। কিন্তু সচেতনতা বাড়ানো গেলে হয়তো হাসপাতালগুলোয় পৃথক বার্ন ইউনিট চালুর দরকার পড়ত না।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নঈম মো. শহীদুল্লাহ বলেন, যে কারণে ৩ জুন নিমতলিতে অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই কারণটি নির্মূল করতে হবে। না হলে দিবসটি শুধু শোক উদযাপনের উপলক্ষ হয়ে থাকবে। ওই ঘটনায় নিহতদের প্রতি অবিচার করা হবে। সরকার কেরানীগঞ্জের কাছে রাসায়নিকের ব্যবসা স্থানান্তর করতে চায়। চূড়ান্তভাবে সরিয়ে নেওয়ার আগে ব্যবসায়ীদের সর্বাধিক সতর্কতা নিশ্চিত করতে হবে।ফায়ার ব্রিগেডের পরিচালক বলেন, গত বছর ছোট-বড় ১৫ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর শতকরা ২৩ ভাগের জন্য চুলার আগুন, ১০ ভাগের জন্য সিগারেট ও ৪৩ ভাগের জন্য বৈদ্যুতিক গোলযোগ দায়ী। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করে তা নির্মূল করতে হবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ যেকোনো রোগের তুলনায় আগুনে পোড়া রোগীদের চিকিত্সায় ২০-২৫ গুণ বেশি খরচ হয়। ব্যয়বহুল এবং প্রাণঘাতী এ পরিস্থিতি থেকে উত্তরণে সচেতনতার কোনো বিকল্প নেই।