আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় করা মামলায় ২২ আইনজীবীকে ৩ জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত প্রত্যেকের এই জামিন মঞ্জুর করেন।এর আগে এই ২২ আইনজীবী হাইকোর্টে থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁরা হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি-সমর্থক আইনজীবীরা ২২ মে আদালত বর্জন, কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন।এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন দ্রুত বিচার আইনে এ মামলা করেন। মামলায় ভাঙচুর ও ভয়ভীতি দেখিয়ে ও আদালত এলাকায় তাণ্ডব চালিয়ে জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়। মামলায় বিএনপি-সমর্থিত ২৯ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়েছে।মামলার আসামিরা হলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া ছাড়াও মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, খোরশেদ আলম, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, ওমর ফারুক ফারুকি, আবদুল নূর ভূঁইয়া, আবদুল খালেক, জালাল আহমেদ, হেলাল উদ্দিন, নুরুজ্জামান, জীবন, মাসুদ রানা, মাহমুদুর রহমান, মজিবর, দিদার (বড়), দিদার (ছোট), নুরুজ্জামান, হেলাল, কামাল হোসেন, মনির, ফারদিন, জ্যাকব, এরশাদুল হক, জামাল আলী মিয়া, পাপ্পু, মিলনসহ অজ্ঞাত ৭০ জন।ওই ঘটনায় গত ২৪ মে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিনসহ ২২ জনের ১০ দিনের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।