৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত কমিটির সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় কমিটির সদস্য-সচিব আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরোধিতা করে ৩ জুলাই এই হরতাল আহ্বান করা হয়েছে।’কমিটির ঢাকা মহানগর সমন্বয়ক খান আসাদুজ্জামান জানান, ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালের পাশাপাশি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চলবে।এদিকে গতকাল শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ চুক্তি বাতিলের দাবি জানানো হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, বঙ্গোপসাগরে দুটি ব্লকের গ্যাস উত্তোলনে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে করা চুক্তি দেশবিরোধী। ৮০ শতাংশ গ্যাস বিদেশে রপ্তানির সুযোগ রেখে এই চুক্তি করা হয়েছে। এই চুক্তি বাতিল না করলে দেশবাসীকে নিয়ে সিপিবি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন, ২০০৮ সালে সেনা-সমর্থিত ফখরুদ্দীন-মইনউদ্দিন সরকার কনোকো ফিলিপসকে সমুদ্রের গ্যাস ইজারা দেওয়ার কাজ শুরু করে। হাসিনা সরকার তা বাস্তবায়ন করেছে।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নানা দিক থেকে বেসামাল মহাজোট সরকার যুক্তরাষ্ট্রকে খুশি করতে এই চুক্তি করেছে।চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।