৩ জুলাই হরতালসহ কঠোর কর্মসূচি দেবে বিএনপি
বিএনপি আগামী ৩ জুলাই হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তারা ২ জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুত্-পানি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপি সারা দেশে এ কর্মসূচি পালন করেন।সমাবেশে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে টানা হরতাল দেওয়া হবে। কিন্তু তার জন্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কেন্দ্রীয় নেতারা ঢাকার বাইরে গণসংযোগ করছেন। সাংগঠনিক কর্মসূচিও পালন করছেন। এগুলো শেষ হলে আগামী ৩ জুলাই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আবার ক্ষমতায় আসতে পারবে না জেনে আওয়ামী লীগ এখন সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার পাঁয়তারা করছে। কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য যত দিন প্রয়োজন হয়, হরতাল দেওয়া হবে। লাগাতার কর্মসূচি দেওয়া হবে। সমাবেশে ঢাকা মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ও শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।