৩ নম্বর সতর্কসংকেত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগরের মাছ ধরার ট্রলার ও বেশির ভাগ ছোট নৌযান চট্টগ্রামের সদরঘাট, মাঝিরঘাট, ব্রিজঘাট ও ফিশারিঘাটে অবস্থান করছে। কিছু কিছু নৌযান সতর্কসংকেত জারির আগে বের হয়ে পড়লেও কয়েকটি ঘাটে ফিরে আসে। আবহাওয়া দপ্তর চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে। পাশাপাশি মাছধরার নৌযান ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। নিম্নচাপটি আজ শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ ও ওডিশা অতিক্রম করার কথা।এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আজ সন্ধ্যা ছয়টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার উপকূল থেকে ৬৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল।