৩ নম্বর সতর্কসংকেত বহাল, চট্টগ্রামের ঘাটে ট্রলারের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগরের মাছ ধরার ট্রলার ও বেশির ভাগ নৌযান চট্টগ্রামের সদরঘাট, মাঝিরঘাট, ব্রিজঘাট, ফিশারিঘাটে অবস্থান করছে। কিছু কিছু নৌযান সতর্কসংকেত জারির আগে বের হয়ে পড়লেও কয়েকটি আবার ঘাটে ফিরে এসেছে। আবহাওয়া দপ্তর চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে। পাশাপাশি মাছ ধরার সব নৌযান ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। নিম্নচাপটির গতকাল শুক্রবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গ ও ওডিশা অতিক্রম করার কথা ছিল।জানা গেছে, প্রজনন মৌসুমের কারণে সাগরের বিভিন্ন জোনে ১০ দিনের জন্য মৎস্য আহরণ নিষিদ্ধ করায় সাগরে মাছ ধরার ট্রলার কম ছিল। ২৪ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরের কয়েকটি জায়গায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির মহাসচিব মো. সাইফ রহমান প্রথম আলোকে বলেন, ‘মাঝখানে এক দিন সংকেত উঠিয়ে নিলে কিছু কিছু ট্রলার বের হয়েছিল। তবে প্রায় ৭০ শতাংশ এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করায় বেশি ট্রলার বের হয়নি। কিছু কিছু কক্সবাজারের দিকে মাছ ধরতে গেছে।’ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তদসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তদসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। গতকাল সন্ধ্যা ছয়টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।