৩ বছরে ৩০০ কোটির মালিক ভদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন ভারতের দুর্নীতিবিরোধীকর্মী প্রশান্ত ভূষণ ও অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রশান্ত ভূষণ ও অরবিন্দ কেজরিওয়াল বলেন, রবার্ট ভদ্রা আবাসন ব্যবসার দুর্নীতিতে জড়িত। আর এই দুর্নীতির ফলে গত তিন বছরে ৫০ লাখ রুপি থেকে রবার্ট ভদ্রার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৩০০ কোটি রুপিতে। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’র।দুর্নীতিবিরোধীকর্মীদের অভিযোগ, আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান ডিএলএফ তাদের বড় একটি জমি নামমাত্র দামে ও বিনা সুদে রবার্ট ভদ্রাকে দিয়েছে। ডিএলএফ তাদের ৩০০ কোটি রুপির জমি ভদ্রার কাছে বিক্রি করেছে মাত্র ৫০ লাখ রুপিতে। রবার্ট ভদ্রা সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী। ভদ্রার পরিবার ছিল ক্ষুদ্র হস্তশিল্প ব্যবসায়ী। এর আগে অরবিন্দ কেজরিওয়াল ভারতের ক্ষমতাধর রাজনৈতিক নেতাদের দুর্নীতির খবর ফাঁস করে দেবেন বলে ঘোষণা দেন। তিনি আরও জানান, ১০ অক্টোবর মুম্বাইয়ের আরও কিছু রাজনৈতিক নেতার দুর্নীতির খবর ফাঁস করা হবে। গত বছর কেজরিওয়াল ১৫ জন মন্ত্রীর দুর্নীতির খবর ফাঁস করে দেন।