৩ বছরের অপহূত শিশু রাজধানীতে উদ্ধার, আটক ৭
রাজধানীর মগবাজার থেকে অপহূত তিন বছরের শিশু নেহা আক্তারকে তিন দিন পর আজ সোমবার সকালে র্যাব উদ্ধার করেছে। তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। এ অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে র্যাব সাতজনকে আটক করেছে।র্যাব-৩ সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর বড় মগবাজারের ৬২২/১ নম্বর বাসার বাসিন্দা মোহাম্মদ বিপুলের তিন বছর বয়সী মেয়ে নেহাকে অপহরণ করা হয়। বাসার নিচে খেলতে নামলে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। পরে নেহার মামাতো ভাই শাওন তার মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে ফোন করে। নেহার বাবা বিষয়টি র্যাব-৩-কে জানান। সে অনুযায়ী অনুসন্ধান করে র্যাব দেখতে পায়, ফোনটি মাদারীপুর থেকে করা হয়েছে। তারা নেহার বাবাকে টাকা দেওয়ার শর্তে রাজি হয়ে অপহরণকারীদের গতকাল নারায়ণগঞ্জের চাষাঢ়ার একটি নির্দিষ্ট এলাকায় আসার কথা বলতে বলে। সে পরিকল্পনা অনুযায়ী নেহার বাবা সেখানে টাকা নিয়ে গেলে আগে থেকে অবস্থান করা র্যাব-৩-এর একটি দল দুই অপহরণকারী আল আমিন ও রুবেলকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকালই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। সাতজনের তথ্যের ভিত্তিতে আজ সকালে নেহাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়।র্যাব-৩-এর কোম্পানি কমান্ডারের দায়িত্বে থাকা লে. কমান্ডার মোহাম্মদ জাররার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।