বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা এবং সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা ঘটনার তদন্তকাজে আশানুরূপ অগ্রগতি হয়নি।গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানিয়েছে র্যাব ও পুলিশ। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুস সালাম সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, ইলিয়াস আলী গুম ও সাগর-রুনি হত্যাকাণ্ড ঘটনার তদন্তকাজে অগ্রগতি আছে। তদন্তের স্বার্থে সে সম্পর্কে কিছু প্রকাশ করা যাচ্ছে না। এর এক দিন পরেই তদন্তকারীরা জানিয়ে দিলেন ভিন্ন তথ্য।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এ এস এম শাহজাহান এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘এসব ঘটনা নিয়ে শুরু থেকেই সরকারের লোকজনের মধ্যে একেকজনে একেক কথা বলছেন। একজন যা বলছেন, আরেকজন বলছেন তার উল্টো। এতে মামলাগুলোর ক্ষতি হচ্ছে। দায়িত্বশীলকে কথা বলা উচিত দায়িত্বের সঙ্গেই। যা খুশি তা বলা ঠিক নয়।’সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ব্রিফিংয়ে গতকাল কমিটির সভাপতি আরও বলেন, বৈঠকে চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। কমিটি ইলিয়াস আলী নিখোঁজ, সাগর-রুনি ও সৌদি দূতাবাসের কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে। পুলিশ ও র্যাবের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি। এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ‘ইলিয়াস আলী জীবিত না মৃত, কিংবা তিনি দেশে না বিদেশে আছেন, আমরা তার কিছুই জানি না। কমিটি এ বিষয়ে পুলিশ ও র্যাবকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে।’সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় পার্টির সাংসদ ও কমিটির সদস্য মুজিবুল হক (চুন্নু) বলেন, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের কাছে সাগর-রুনি বিষয়ে কমিটি জানতে চেয়েছে। তিনি খুব বেশি কিছু জানাতে পারেননি। তিনি বলেছেন, আরেকটু সময় নিয়ে তাঁরা বিষয়টি সম্পর্কে জানাতে পারবেন। ২০০৪ সালে তৎকালীন হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনার মামলার তদন্তের অগ্রগতি না হওয়ায়ও কমিটি অসন্তোষ প্রকাশ করে।সংসদীয় কমিটি বারবার চাপ দেওয়া সত্ত্বেও এসব ঘটনা তদন্তের অগ্রগতি কেন হচ্ছে না, জানতে চাইলে আবদুস সালাম বলেন, ‘কমিটির কিছু সীমাবদ্ধতা আছে। কমিটি তো সুপারিশ বা চাপ দেওয়ার বাইরে কিছু করতে পারে না।’আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, মির্জা আজম, মুজিবুল হক, সানজিদা খানম ও সফিকুল ইসলাম অংশ নেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে, এসব ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি নাগরিক খালাফের ঘটনা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় উল্লেখ করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা তদন্ত করছে বনানী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাইনুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, ‘মামলার তদন্ত চলছে। এই পর্যায়ে আর কিছু বলতে চাই না।’সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে র্যাব। জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।