৩ মে নির্বাচন কমিশন অভিমুখে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার উপনির্বাচনের ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই কমিশনারের পদত্যাগের দাবিতে ৩ মে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। এর আগে একই দিন বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করা হবে।গতকাল বুধবার বিকেলে মুক্তাঙ্গনে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। ভোলা-৩ আসনের উপনির্বাচনে কারচুপি ও সন্ত্রাসের প্রতিবাদ এবং পানি, বিদ্যুৎ, গ্যাসের দাবিতে সারা দেশের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল কেন্দ্রীয়ভাবে মুক্তাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।নজরুল ইসলাম খান বলেন, ‘উপনির্বাচনে প্রহসনের অন্যতম নায়ক নির্বাচন কমিশন। আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করতে মূল ভূমিকা পালন করেছে তারা। আমরা সারা দেশে গণতন্ত্র চাই, এ জন্য কমিশনের পদত্যাগ দাবি করছি।’সভাপতির বক্তব্যে ঢাকার মেয়র সাদেক হোসেন বলেন, খোদ ঢাকায় আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। সরকার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছে না। এভাবে একটি দেশ চলতে পারে না। তিনি বলেন, ঢাকা মহানগরে পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। অতীতে কখনো নগরবাসী এ অবস্থা দেখেনি। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য ভবিষ্যতে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ভোলায় জনগণ যদি ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করত, তাহলে আমাদের আপত্তি থাকত না। কিন্তু সেখানে কোনো নির্বাচন হয়নি। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেননি। আওয়ামী লীগের গুন্ডারা সেখানকার নারী-পুরুষদের এলাকাছাড়া করেছে। আমরা নির্বাচন কমিশনকে বলেও কোনো প্রতিকার পাইনি। এ নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে।’দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন নয়। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররা যেখানেই যাবেন, তাঁদের প্রতিরোধ করা হবে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।