৩০ ওয়ার্ডে বিএনপির একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫ নম্বর মোহরা ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে দুজন বিএনপির। এঁদের একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম ও অন্যজন কালুরঘাট শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইদ্রিস। এখানে দলের একক প্রার্থী দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা এরশাদ উল্লাহ ওই দুজনকে নিয়ে বৈঠক করেন। দুজনেই একক প্রার্থীর পক্ষে মত দিলেও শেষ পর্যন্ত কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ প্রসঙ্গে মো. এরশাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা বৈঠক করে দুজনের একজনকে সরে যেতে অনুরোধ করি। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হইনি।’ জানা যায়, ৫ নম্বর ওয়ার্ডের মতো সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে অন্তত ৩০টিতে কাউন্সিলর পদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা প্রার্থী হয়েছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য পাওয়া গেছে। বিএনপির সূত্র জানায়, দলীয়ভাবে একক প্রার্থী দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় দলের একাধিক কাউন্সিলর প্রার্থী থাকা ওয়ার্ডগুলোতে কাউকেই বিএনপি থেকে সমর্থন দেওয়া হচ্ছে না। দল সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনে যিনি জয়ী হবেন দল তাঁকে স্বাগত জানাবে। এ প্রসঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা সব ওয়ার্ডেই একক প্রার্থী দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তা সম্ভব হয়নি। যিনি জিতে আসবেন, তিনিই দলীয় কাউন্সিলর হবেন।’সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনে বিগত তিনটি নির্বাচনে ৪১টি ওয়ার্ডের বেশির ভাগেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। সর্বশেষ ২০০৫ সালের নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের ২৯ জন জয়ী হন। বিজয়ী অপর ১২ জনের মধ্যে ১১ জন বিএনপির এবং জামায়াতে ইসলামীর ছিলেন একজন। বিএনপির এই ১১ জন কাউন্সিলরের মধ্যে ৫ নম্বর মোহরা ওয়ার্ডের নাজিম উদ্দিন আহমদ ও ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের দোস্ত মোহাম্মদ এবার প্রার্থী হননি। ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাশেম চৌধুরী শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, নগর বিএনপির শীর্ষস্থানীয় নেতা পছন্দ না করায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপর দুটি ওয়ার্ডে আগের কাউন্সিলররা বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র জানায়, অন্য ছয়টি ওয়ার্ডে বিএনপির বর্তমান কাউন্সিলরদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন নিজ দলের নেতা-কর্মীরাও। যেমন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে কাজী মো. মোবাশ্বের আহমদ হাশেমির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিএনপির আছেন তিনজন। এঁরা হলেন এস এম আবুল ফয়েজ, এস এম জি আকবর ও মো. ইয়াকুব আলী। ৭ নম্বর পশ্চিম ষোলশহরে এস এম ইকবাল হোসেনের বিরুদ্ধে রয়েছেন এনামুল হোসেন ভূঁইয়া, ১২ নম্বর সরাইপাড়ায় কাউন্সিলর ও পাহাড়তলী বিএনপির আহ্বায়ক মো. শামসুল আলমের সঙ্গে প্রার্থী হয়েছেন একই দলের বাবুল হক, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ায় ইয়াছিন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খান ও নুর আলম। ২৩ নম্বর উত্তর পাঠানটুলিতে নিয়াজ মোহাম্মদ খানের বিরুদ্ধে মোহাম্মদ মহসিন, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে সহিদুল ইসলামের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন যুবদলের নেতা আবদুল মাবুদ। সহিদুল ইসলাম বলেন, ‘আমরা দুজনই বিএনপি করি। কিন্তু দল থেকে কাউকেই সরাসরি মনোনয়ন দেয়নি।’ আবুল হাশেম চৌধুরী সরে দাঁড়ালেও ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে দুজন রয়েছেন বিএনপির। তাঁরা হলেন রফিকুল ইসলাম ও হানিফ সওদাগর। জানা গেছে, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে হারুনুর রশিদ, রহিম উদ্দিন চৌধুরী ও শামসুল আলম, ১১ নম্বর দক্ষিণ কাট্টলীতে খন্দকার এনামুল ও জসিম উদ্দিন এবং ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে প্রার্থী খালেদ আজাদ ও মনিরুল ইসলাম বিএনপির। এ ছাড়া বিএনপির একাধিক প্রার্থী রয়েছে উত্তর আগ্রাবাদে ইকবাল হোসেন ও সিরাজুল ইসলাম, রামপুরে ওমর মিয়া ও মো. শামীম, শুলকবহরে গোলাম মনজুর ও গাজী শাহজাহান, ১৮ নম্বর পূর্ব বাকলিয়ায় তৈয়বুর রহমান ও আলমগীর নূর, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে তিনজন মোরশেদুল ইসলাম, আইয়ুব খান ও শামসুল আলম।জানা যায়, পশ্চিম বাকলিয়ায় মোহাম্মদ জাফর, চান্দগাঁওয়ে মাহবুবুল আলম, বক্সিরহাটে বেলাল হোসেন, এনায়েত বাজারে আবদুল মালেক, পাঠানটুলিতে জেবল হোসেন দোভাষ ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে মোহাম্মদ সেকান্দার বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।