৩০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিলের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলে থাকলে সংসদ বর্জনের ক্রমবর্ধমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাই অনুপস্থিতির কারণে সংসদ সদস্য পদ বাতিলের সময় ৯০ কার্যদিবস থেকে কমিয়ে ৩০ কার্যদিবস করার সুপারিশ করেছে সংস্থাটি।একই সঙ্গে সংসদ সদস্য আচরণ বিল, ২০১০ পাস এবং সরকারের স্বচ্ছতা, জবাবদিহি প্রতিষ্ঠা ও জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাংসদেরা যাতে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পান, সে জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনসহ ১৬ দফা সুপারিশ করেছে সংস্থাটি।‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক টিআইবির পর্যবেক্ষণ প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। নবম জাতীয় সংসদের দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশনের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করে টিআইবি।গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির সহকারী ফেলো ফাতেমা আফরোজ, জুলিয়েট রোজেটি ও মোরশেদা আক্তার।গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিরোধী দল বা জোটের সংসদ বর্জনের ধারা উদ্বেগজনকভাবে বেড়েছে। পঞ্চম সংসদে বিরোধী দলের সংসদ বর্জনের হার ছিল ৩৩ শতাংশ। সপ্তম ও অষ্টম সংসদে বর্জনের হার ছিল যথাক্রমে ৪২ ও ৫৯ শতাংশ। আর বর্তমান নবম সংসদের সপ্তম অধিবেশন পর্যন্ত বিরোধী দলের সংসদ বর্জনের হার ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।বিরোধী দলের নিম্ন উপস্থিতির কারণ হিসেবে তাদের সংসদ বর্জনের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী ৭২ দশমিক ৪ শতাংশ কার্যদিবসে উপস্থিত ছিলেন। আর বিরোধী দলের নেতা খালেদা জিয়া সংসদে উপস্থিত ছিলেন ২ দশমিক ৯ শতাংশ কার্যদিবস।অন্যদিকে কোরাম সংকটেও সংসদে অধিবেশন বিলম্বিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোরাম সংকটের কারণে প্রতিদিন গড়ে ৩৩ মিনিট ব্যয় হচ্ছে। দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশন পর্যন্ত কোরাম সংকটের কারণে মোট ব্যয় হয়েছে ৭৪ ঘণ্টা ১৫ মিনিট। ব্যয়িত এই সময়ের আর্থিক মূল্য ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকা।প্রতিবেদনে বলা হয়, বর্তমান সংসদের দ্বিতীয় থেকে সপ্তম অধিবেশনে মোট তিন হাজার ২৬টি নোটিশ উত্থাপিত হয়। এর মধ্যে দুই হাজার ৬২৬টি নোটিশ দিয়েছেন সরকারদলীয় সদস্যরা। প্রধান বিরোধী দল বিএনপির সদস্যরা ৩১৮টি এবং অন্যান্য দলের সদস্যরা ৬৪টি নোটিশ উত্থাপন করেছেন।এসব নোটিশের মধ্যে আলোচনার জন্য গৃহীত হয় ১৬৭টি; যার মধ্যে সরকারি দলের ১৫৭টি, প্রধান বিরোধী দলের চারটি এবং অন্যান্য বিরোধী দলের তিনটি। তবে প্রধান বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত থাকায় তাঁদের নোটিশ গৃহীত হলেও আলোচনা হয়নি।টিআইবির প্রতিবেদনে বলা হয়, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে অপ্রীতিকর, আক্রমণাত্মক বা অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু সংসদে সাংসদেরা নিজ দলের নেতার প্রশংসা এবং বিরোধী পক্ষের নেতার সমালোচনা করে থাকেন। ছয়টি অধিবেশনে সাংসদেরা অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেন ৫৭৬ বার, দলের প্রশংসা করেন ৬১৬ বার এবং প্রতিপক্ষ দলের সমালোচনা করেন ৮০৮ বার।টিআইবির অন্যান্য সুপারিশ: প্রতিবেদনে সংসদকে কার্যকর করার জন্য টিআইবির অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে: অধিবেশনে অসংসদীয় ভাষা পরিহার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহিষ্ণু মনোভাব প্রতিষ্ঠা করতে স্পিকারের নিরপেক্ষ ভূমিকা পালন, আন্তর্জাতিক চুক্তিসহ জাতীয় গুরুত্বপূর্ণ সব বিষয় সংসদে আলোচনা, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতাকে নিয়মিত সংসদে উপস্থিত থাকা, সংসদে সর্বোচ্চ উপস্থিতির জন্য ১০ জনকে স্বীকৃতি ও সর্বনিম্ন উপস্থিতির জন্য ১০ জন সদস্যের নাম প্রকাশ, যুক্তিসংগত কারণ ও স্পিকারের অনুমতি ছাড়া কেউ সংসদে অনুপস্থিত থাকলে তাঁর ভাতা কর্তন ইত্যাদি।