৩০ কোটি টাকা শিল্পঋণ চলে গেল শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি এক্সিম (এক্সপোর্ট-ইমপোর্ট) ব্যাংকের গুলশান শাখা থেকে তিনটি কোম্পানির নামে বিতরণ করা শিল্পের চলতি মূলধন ঋণের প্রায় ৩০ কোটি টাকা সরাসরি শেয়ার কিনতে গ্রাহকের বিও হিসাবে জমা হয়েছে।বাংলাদেশ ব্যাংক প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছে। কোম্পানি তিনটি হলো মেসার্স কাজী এরফানুর রহমান, লোড স্টার প্যাকেজিং ও বি অ্যান্ড বি সেলস অ্যান্ড মার্কেটিং।এর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখা থেকে সাড়ে তিন কোটি টাকা চলতি মূলধন ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেছিল।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, এ-জাতীয় ঘটনা দেশের শিল্প বিনিয়োগ ও শেয়ারবাজার উভয় ক্ষেত্রেই ক্ষতির কারণ হতে পারে। তিনি বলেন, শিল্পের জন্য নেওয়া ঋণের টাকা শেয়ারবাজারে খাটানো হলে সেটা হবে বড় ধরনের ফাটকা বিনিয়োগ। তাতে বাজার আরও বেশি অতিমূল্যায়িত হয়ে ব্যাপকসংখ্যক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতে পারেন।জানা গেছে, এক্সিম ব্যাংকের গুলশান শাখায় মেসার্স কাজী এরফানুর রহমানের হিসাবে বিভিন্ন তারিখে ১৯ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার টাকার ঋণ জমা হয়। ঋণের এই টাকা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এরফানুর রহমান স্টক ব্রোকার কোম্পানি অ্যাংকর সিকিউরিটিজ ও ফকরুল ইসলাম সিকিউরিটিজে খোলা তাঁর শেয়ারের বিও হিসাবে জমা করেন। খোঁজ নিয়ে জানা যায়, এরফানুর রহমান ওরফে রেন্টু কাজী বগুড়ায় বিএনপির সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলামের ভাই। মেসার্স কাজী এরফানুর রহমান একটি নির্মাণ (কনস্ট্রাকশন) ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের কাগজপত্রে উল্লেখ আছে। এটি বগুড়ায়ই এক্সিম ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠান। সেখানে ব্যাংক থেকে গ্যারান্টি ও বাইম (ইসলামি ব্যাংকিং ঋণ উপদান, যা সাধারণ ব্যাংকিংয়ের ভাষায় চলতি মূলধন ঋণ) হিসেবে প্রতিষ্ঠানটি ছয় কোটি টাকার বিনিয়োগসুবিধা নিয়েছে। অনুসন্ধানে ঋণ বিতরণে একটি চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে। জানা গেছে, ঢাকার গুলশান শাখায় প্রতিষ্ঠানটি যেদিন প্রথম চলতি হিসাব খোলে, সেদিনই ছয় কোটি ৬০ লাখ টাকার ঋণ পায়। একই দিন গ্রাহকের হিসাব থেকে এই ঋণের পুরো টাকা শেয়ার ডিলার ও ব্রোকারেজ হাউস অ্যাংকর সিকিউরিটিজের অনুকূলে পে-অর্ডার ইস্যু করা হয়।ঋণটি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি হিসাব খোলার দিনই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মৌখিক অনুমোদনক্রমে গ্রাহকের অনুকূলে ছয় কোটি ৬০ লাখ টাকার বাইম হাইপো বিনিয়োগসুবিধা দেওয়া হয়।এ ছাড়া ব্যাংকের একই শাখা থেকে লোড স্টার প্যাকেজিং এবং বি অ্যান্ড বি সেলস অ্যান্ড মার্কেটিং নামের অপর দুই প্রতিষ্ঠানের নামে বাইম হাইপো বিনিয়োগ হিসাবের অর্থ ব্রোকারেজ প্রতিষ্ঠানের হিসাবে চেক অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা হয়েছে। এই প্রতিষ্ঠানের ঋণের টাকা শেয়ার কিনতে জমা হয়েছে অ্যাংকর সিকিউরিটিজ, ফকরুল ইসলাম সিকিউরিটিজ, এসএআর সিকিউরিটি ও স্ট্যান্ডার্ড ব্যাংক ইনভেস্টের অ্যাকাউন্টে। লোড স্টার প্যাকেজিংয়ের নামে দেওয়া সাত কোটি ৪৫ লাখ ৩৯ হাজার টাকা এবং বি অ্যান্ড বি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ঋণের দুই কোটি ৫০ লাখ টাকা বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয় বলে জানা গেছে।এক্সিম ব্যাংকের এমডি কাজী মশিহুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জেনেছেন বলে জানান। তবে তিনি বলেন, তাঁদের ৫৮টি শাখা এবং ৩০ হাজার ঋণগ্রহীতা। ফলে এমডির পক্ষে সব ঋণগ্রহীতার ঋণের টাকা কোথায় কীভাবে যাচ্ছে, তা জানা সম্ভব নয়। তিনি বলেন, ‘গ্রাহককে আমরা চলতি মূলধন হিসাবে ঋণটি দিয়েছি। এখন তিনি ইট কিনতে টাকা খাটালেন, না অন্য কোনো খাতে খাটালেন, এগুলো এমডির পক্ষে সব ক্ষেত্রে দেখা সম্ভব নয়।’তবে কাজী মশিহুর রহমান জানান, তিনি শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছেন এবং গ্রাহকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে ঋণের টাকা যাতে অন্য খাতে ব্যবহূত হতে না পারে, সে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি অবশ্য হিসাব খোলার দিনই এমডির মৌখিক অনুমোদনে ছয় কোটি ৬০ লাখ টাকার বাইম হাইপো বিনিয়োগসুবিধা দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ব্যাংকিংয়ে সব ক্ষেত্রেই একটা নিয়মনীতি আছে। এমডির মৌখিক নির্দেশে কোথাও কোনো ঋণ দেওয়া হয় না।প্রসঙ্গত, ঋণের টাকা শেয়ারবাজারে খাটানো হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা পাঠিয়ে বলছে, ঋণ আবেদনপত্রে ঋণের উদ্দেশ্য উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যাংকের মঞ্জুর করা এবং দেওয়া ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা ব্যাংকের দায়িত্ব। নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো ব্যাংক থেকে যে উদ্দেশ্যে গ্রাহক ঋণ নিচ্ছেন, সে খাতে ঋণ ব্যবহূত না হয়ে অন্যত্র ব্যবহার করা হচ্ছে। ব্যাংকগুলোর ঋণ তদারকিব্যবস্থা দুর্বল থাকায় গ্রাহকের নেওয়া ঋণ যথাযথ খাতে, বিশেষত উৎপাদনশীল খাতে না গিয়ে অনুৎপাদনশীল খাতে ব্যবহূত হচ্ছে। এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। নিয়মিত ঋণ তদারকি অব্যাহত রেখে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকঋণ বা বিনিয়োগ নির্দিষ্ট খাতে ব্যবহারের পরামর্শ দিয়েছে।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুসারে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশে বিতরণ করা শিল্পঋণের পরিমাণ সাত হাজার ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার ৪০৩ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ প্রবৃদ্ধির হার ৩৮ শতাংশ। আর ২০০৯-১০ অর্থবছরে শিল্পঋণে প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ২৯ শতাংশ বা ২৫ হাজার ৮৭৫ ৬৬ লাখ টাকা।দেশে গ্যাস-বিদ্যুতের সংকটে নতুন শিল্প বিনিয়োগ আটকে রয়েছে। বছরের ওপরে নতুন কোনো শিল্পে এমনকি আবাসন খাতেও বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানিসংকটে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোই তাদের ক্ষমতার ৪০ থেকে ৫০ শাতাংশের বেশি উৎপাদন করতে পারছে না। ফলে শিল্পঋণে এই উচ্চপ্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংকসহ বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। ২০১০ সালের জুলাই-ডিসেম্বর সময়ের ষান্মাসিক মুদ্রানীতি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, তাদের ধারণা, শেয়ারের ফাটকা বাজারে ঋণের অর্থ ঢুকে থাকতে পারে।শিল্পঋণের টাকা শেয়ারবাজারে বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও একাধিক বাণিজ্যিক ব্যাংকের সাবেক এমডি খোন্দকার ইব্রাহিম খালেদ শঙ্কা প্রকাশ করে বলেন, এটা আর্থিক খাতের সাধারণ নীতির পরিপন্থী। তিনি কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে এ বিষয়ে একযোগে যৌথ ও শক্ত পদক্ষেপ নিতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, অন্য খাতের নামে নেওয়া বড় অঙ্কের ঋণের টাকা শেয়ারবাজারে বিনিয়োগ হতে পারে না। কেননা, ঋণ দেওয়া হয় কিছু শর্ত সাপেক্ষে। এ শর্ত মানা হচ্ছে কি না, তা দেখভাল করার কাজ ব্যাংকের। ফলে শেষ পরিণতিতে ব্যাংকের শীর্ষ নির্বাহী তাঁর দায়িত্ব এড়াতে পারেন না।মির্জ্জা আজিজও মনে করেন, এ-জাতীয় ঋণের টাকা শেয়ারের সেকেন্ডারি বাজারে বিনিয়োগের সুযোগের পেছনে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে ধরে নেওয়া যায়। তিনি পরামর্শ দেন, পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ঋণ মনিটরিং (তদারকি) জোরদার করতে হবে। একই সঙ্গে কোনো ঋণের টাকা শেয়ারে খাটানো হলে তা তাৎক্ষণিকভাবে ফেরত নেওয়া এবং প্রয়োজনীয় শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বিধিগত নিয়ন্ত্রণ সৃষ্টি করতে হবে।বিশ্লেষকদের মত হচ্ছে, শিল্পপুঁজির জোগান দিতে পুঁজিবাজারের জন্ম হলেও এখন দেশের শেয়ারের সেকেন্ডারি বাজারে উল্টো ব্যাংকের মেয়াদি ঋণসহ বিভিন্ন ধরনের ঋণের বড় অঙ্কের টাকা ঢুকে পড়ার তথ্য ভয়াবহ। শিল্প গড়তে ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে ঋণ পান ব্যবসায়ীরা। কিন্তু অনেক ব্যবসায়ী রাতারাতি বড় মুনাফার আসায় শিল্পের সেই ঋণের টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করছেন।