ওসি রফিককে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা
৩০ জানুয়ারি কারা কর্তৃপক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
কলেজছাত্র মোমিন হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলামকে (ওসি রফিক) প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার কারণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষকে ৩০ জানুয়ারি পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার কারা কর্তৃপক্ষের প্রতিনিধি কারা উপপরিদর্শক এমরান হোসেন আদালতে হাজির হয়ে ওসি রফিকের ডিভিশন-সংক্রান্ত আদালতের আদেশের কপি আদালতে দাখিল করেন। আদালত ওই কাগজে সন্তুষ্ট না হওয়ায় সরাসরি কারা কর্তৃপক্ষকে ৩০ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।এর আগে ১৮ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম কারা কর্তৃপক্ষকে আজ হাজির হয়ে ডিভিশনের ব্যাখ্যা দিতে বলেন। এরই পরিপ্রেক্ষিতে এমরান হোসেন আজ আদালতে হাজির হয়ে এ-সংক্রান্ত কাগজপত্র দাখিল করেন।উল্লেখ্য, ওসি রফিক এ হত্যা মামলায় কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ভোগ করছেন। আদালতের আদেশের তথ্য গোপন করে তিনি এ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রপক্ষ কারা কর্তৃপক্ষের প্রতি এর কারণ জানানোর আদেশ চেয়ে ১২ জানুয়ারি আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি শুনানি হয়।