৩০ জানুয়ারি জামায়াতের প্রতিবাদ
আগামী ৩০ জানুয়ারি বুধবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার রাতে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে বলা হয়, ‘বিতর্কিত’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে জামায়াতের আটক নেতাদের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবুল কালাম আযাদের বিরুদ্ধে দেওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ের একটি অংশের উল্লেখ করে বলেন, ‘এ মামলায় জামায়াতে ইসলামী বা জামায়াতের নেতারা কোনো পক্ষে ছিলেন না। অথচ তাঁদের দোষী হিসেবে যেভাবে বিবেচনা করা হয়েছে, তাতে আমরা আশঙ্কা করছি, এই ট্রাইব্যুনালে ন্যায়বিচার পাওয়া কিছুতেই সম্ভব নয়।’ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে দলের মহানগর, জেলা ও উপজেলা শাখার প্রতি আহ্বান জানানো হয়।