৩০ ডিসেম্বরের মধ্যে অমনিবাস বন্ধ হচ্ছে না: বিএমবিএ সভাপতি
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে মার্চেন্ট ব্যাংকের অমনিবাস হিসাব পৃথক বিও হিসাবে রূপান্তরিত হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ। আজ দুপুরে রাজধানীর মতিঝিলের সোয়ানটেক্স ভবনে স্টক অ্যান্ড বন্ড লিমিটেডের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএমবিএর নির্বাহী কমিটির সদস্যরা।এ সময় মোহাম্মদ এ হাফিজ সাংবাদিকদের জানান, এসইসির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আজ অনির্ধারিত একটি বৈঠক হয়েছে। এসইসির নির্দেশ অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে অমনিবাস হিসাবকে পৃথক বিও হিসাবে রূপান্তর করা সম্ভব নয় বলে বিএমবিএর পক্ষ থেকে এসইসিকে জানানো হয়েছে। এটা করতে আরও অন্তত ছয় থেকে সাত মাস সময়ের দরকার। ‘এসইসি বিষয়টি ইতিবাচক বিবেচনায় নেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’এ হাফিজ বলেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি ৩০ ডিসেম্বরের মধ্যে অমনিবাস হিসাব বন্ধ হচ্ছে না।’ তিনি আরও বলেন, অমনিবাস হিসাবের অধীনে থাকা নন-ডিসক্রিশনারি হিসাব বন্ধ করা সম্ভব নয়। কারণ এটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত একটি পদ্ধতি। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা বন্ধ করা হলে বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে আসবেন না। আর তাই কেবল ডিসক্রিশনারি হিসাবে থাকা দেশি গ্রাহকদের আইডিগুলো পৃথকভাবে বিও হিসাবে রূপান্তর করা হবে।এ ছাড়া আজ এসইসির কাছে পাবলিক ইস্যু রুলস, প্রিমিয়াম নির্ধারণ, কোম্পানির সম্পদ মূল্যায়ন, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বিতরণ পদ্ধতি, আইপিওতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা প্রভৃতি বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান বিএমবিএর সভাপতি।তিনি আরও বলেন, ‘এসএমই খাতকে শক্তিশালী করতে সরকার দীর্ঘদিন ধরে স্বল্প সুদে ঋণ দিয়ে আসছে। পুঁজিবাজারের বর্তমান বিপর্যয় কাটিয়ে উঠতেও এসএমইর মতো স্বল্প সুদে ঋণ দেওয়া প্রয়োজন। এতে সাধারণ বিনিয়োগকারীরা উপকৃত হবেন। এ বিষয়টিও আমরা এসইসিকে জানিয়েছি।’এ ছাড়া যে সব গ্রাহকের হিসাব ঋণাত্বক অবস্থানে রয়েছে, ওই সব গ্রাহককে বিদ্যমান অবস্থা থেকে উত্তরণের জন্য ঋণ সুবিধা দেওয়ার বিষয়টি এসইসিকে জানালে মৌখিকভাবে এসইসির পক্ষ থেকে এ বিষয়ে সম্মতি জানানো হয়েছে বলে জানান এ হাফিজ।প্রসঙ্গত, গত ৪ নভেম্বর অমনিবাস হিসাব-সংশ্লিষ্ট একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনায় মার্চেন্ট ব্যাংকগুলোর সব অমনিবাস গ্রাহকদের হিসাব ৩০ ডিসেম্বরের মধ্যে পৃথক বিও হিসাবে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।