৩০ দিন শুটিং করলেই ভালো অভিনেতা হওয়া যায় না: মাহফুজ
অভিনয়শিল্পী ও নির্মাতা মাহফুজ আহমেদ বলেছেন, মাসের ৩০ দিন শুটিং করলেই ভালো অভিনেতা হওয়া যায় না। ঘন ঘন পত্রিকায় ছবি বা সাক্ষাত্কার ছাপালে কিংবা টেলিভিশনে বারবার চেহারা দেখালে তারকা হওয়া যায় না। বর্তমান সময়ের অভিনয়শিল্পীদের মূল্যায়ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। মাহফুজ আহমেদ আরও বলেন, ‘আজকাল আমরা প্রায়ই দেখি, অভিনয়শিল্পীরা অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন। এটা অবশ্যই খুব ভালো একটা দিক। কিন্তু দেখা যায়, এ প্রজন্মের বেশির ভাগ শিল্পীই বুঝে-না বুঝে একসঙ্গে অনেক নির্মাতার কাজ হাতে নেন। এতে করে কোনোটাই তাঁরা ঠিক সময়ে করে উঠতে পারেন না। ফলে ফেঁসে যান নির্মাতা। আর আর্থিক ক্ষতির দায় নিতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে।’ মাহফুজ আহমেদ আরও বলেন, ‘২০১১ সালে এসে এ বিষয়টা আমাকে অনেক বেশিমাত্রায় ভাবিয়ে তুলেছে। নাটক বানাতে গিয়ে আমি নিজেও এ ধরনের সংকটের মধ্যে পড়েছি। যা আসলে আমাদের সবার জন্য অনেক বেদনার।’ এ ধরনের ঘটনা আসলে কেন ঘটছে, এমন প্রশ্নের উত্তরে মাহফুজ আহমেদ বলেন, ‘আমার কাছে মনে হয়, এখনকার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে পেশাগত জ্ঞানের অভাবটা অনেক বেশি। যথাযথ শিক্ষার অভাবও একটা বড় কারণ বলে মনে হয়। এ ছাড়া নিজেদের মধ্যে সাংস্কৃতিক বিকাশটা সেভাবে গড়ে উঠছে না।’এ ধরনের সংকট কি চলতে থাকবে? জানতে চাইলে অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, এটার অবশ্যই একটা সমাধান আছে। এবং সেটা নিজস্ব উপলব্ধির মধ্য দিয়ে দূর করতে হবে। কাজের প্রতি পরিপূর্ণ ভালোবাসা, যথাযথ শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশ এগুলো দূর করতে পারে।মাহফুজ আহমেদ আরও বলেন, ‘আর একদিন পরই নতুন বছরে পদার্পণ করব। আমার বিশ্বাস নতুন বছরে অন্তত নিজেরা সবাই নিজেদের পেশার প্রতি সত্ ও নিষ্ঠাবান থাকব। তাহলে আমরা সবাই ভালো মানের কাজ উপহার দিতে পারব।’