৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ নভেম্বর (মঙ্গলবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির মুলতবি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে এসে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।এ ছাড়াও ছয় দিনের আন্দোলন কর্মসূচির কথা জানান খোন্দকার দেলোয়ার হোসেন। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫,২৬ ও ২৭ নভেম্বর জেলা-উপজেলায় সমাবেশ-মিছিল, ২৮ তারিখে ঢাকাসহ বিভাগীয় শহরে মিছিল-সমাবেশ এবং ২৯ তারিখে হরতালের সমর্থনে ঢাকায় মিছিল-সমাবেশ। গ্যাস, বিদ্যুত্ ও পানি, দখল, টেন্ডারবাজি, ছাত্রী লাঞ্ছনা ও চাকরিচ্যুতি বন্ধ, ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ, বিচার বিভাগকে দলীয়করণসহ বিভিন্ন দাবিতে গত ২৭ জুন হরতালের ঘোষণা দিয়েছিল বিএনপি। ওই সব দাবি পূরণ না হওয়ায় আবার এ হরতালের ডাক দেওয়া হয়েছে। এর আগে রাত আটটার দিকে খালেদা জিয়ার সভাপতিত্বে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক এখনো চলছে।আজকের বৈঠকে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করা, সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি, আগামী সংসদ অধিবেশনে যোগ দেওয়া না-দেওয়ার বিষয়সহ বিভিন্ন ইস্যুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।গতকাল রোববার স্থায়ী কমিটির জরুরি সভায় ভাইস চেয়ারম্যানের পদ থেকে নাজমুল হুদাকে বহিষ্কার করে আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়।আজকের বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ প্রায় সব সদস্যই উপস্থিত আছেন।