এফবিসিসিআই সভাপতির আহ্বান: হরতাল নয়, বিকল্প কর্মসূচি খুঁজে দেখুন
৩০ নভেম্বর হরতাল ডেকেছে বিএনপি
আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এ ছাড়া ২৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।হরতাল সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গত রাতে প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হরতাল মোকাবিলা করা হবে। এ ছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বিএনপিকে হরতালের বিকল্প কর্মসূচি খোঁজার আহ্বান জানিয়েছেন।গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির মুলতবি বৈঠকে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক চলাকালে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে বাড়িছাড়া করার প্রতিবাদে নয়, বিএনপির বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় জনস্বার্থে এ হরতাল ডাকার সিদ্ধান্ত হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২৭ জুন যেসব দাবি পূরণে বিএনপি প্রথম হরতাল ডেকেছিল, সেগুলোর একটিও পূরণ হয়নি।দাবিগুলোর মধ্যে ছিল—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হত্যা-খুন বন্ধ, তারেক-কোকোসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ইত্যাদি। এসব দাবি পূরণের দাবিতে ২৫, ২৬ ও ২৭ নভেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ-সমাবেশ, ২৮ নভেম্বর ঢাকাসহ সব বিভাগীয় শহরে মিছিল-সমাবেশ এবং ২৯ নভেম্বর হরতালের সমর্থনে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করেন। স্থায়ী কমিটির বেশির ভাগ সদস্য এতে উপস্থিত ছিলেন। রোববার রাতে একই স্থানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। ওই দিন দলটির ভাইস চেয়ারম্যান নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়।প্রতিক্রিয়া: দেশের শিল্প ও বণিক সমিতিসমূহের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, দেশের রপ্তানি প্রবৃদ্ধি যখন ৩০ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে, সে সময় এ ধরনের হরতাল কর্মসূচি অর্থনীতিকে পেছনের দিকে নিয়ে যাবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হবে। নতুন বেশি-বিদেশি বিনিয়োগকারীরা হতাশ হবে এবং বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হবে। ক্রেতারা বাংলাদেশের বিকল্প খুঁজবে। তিনি অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে বিএনপিকে হরতালের বিকল্প কর্মসূচি বের করার আহ্বান জানান।