৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পরিষদকে কার্যকর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত উপজেলা পরিষদকে ৩০ নভেম্বরের মধ্যে কার্যকর করার দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা রাস্তায় নেমে আসবেন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। উপজেলাভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ হাওলাদার এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, জনপ্রশাসনের বিশেষ একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সরকার, উপজেলা পরিষদ ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মজিদ বলেন, ‘২০ মাস ধরে আমাদের হাতে কোনো কাজ নেই। তাই ঐক্যবদ্ধ হয়ে আজ থেকে এক মঞ্চে এসেছি।’ তিনি বলেন, ‘আমরা বুঝি যে প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার জন্য উপজেলা পরিষদের বিষয়ে তিনি কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না। অনেক আমলা সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে সচেতন হতে হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত নেতারা বলেন, সাভারে উপজেলা প্রশাসনের অসহায়ত্ব আজ সারা দেশেই বিরাজ করছে। যদিও সব এলাকায় তা প্রকাশ পাচ্ছে না। তাঁরা বলেন, স্থানীয় সাংসদদের সঙ্গে তাঁদের বিরোধ নেই। তবে সাংসদদের ও তাঁদের কাজের সীমারেখা নিয়ে মাঝেমধ্যে দ্বন্দ্ব বাঁধে। বিষয়টি জটিল করে রেখেছেন সচিব বা আমলারা। দেশের অনেক স্থানেই ইউএনওরা পরিকল্পিতভাবে সমস্যা সৃষ্টি করছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই ২২তম বিসিএস ক্যাডারের।সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী মন্ত্রিপরিষদসচিব আবদুল আজিজের সমালোচনা করে বলেন, ১৯৮৫ সালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকাকালে উপজেলা চেয়ারম্যান ও অন্য ব্যক্তিদের ক্ষমতা ও কার্যপ্রণালী বিষয়ে সবই জানতেন এবং এ বিষয়ে তিনি নমনীয়ও ছিলেন। কিন্তু এখন তিনি জেনেশুনেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যদিও তাঁকে উপজেলা-সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান করা হয়েছে। সংবাদ সম্মেলনে পরিষদের উপ-আহ্বায়ক মহিবুর রহমান, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা, ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদের সভাপতি মো. হোসেন প্রমুখ বক্তব্য দেন।