৩০ নভেম্বরের হরতালে অংশ নিতে শরিক দলগুলোকে খালেদার অনুরোধ
আগামী ৩০ নভেম্বরের হরতাল কর্মসূচিতে অংশ নিতে চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলোকে অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে খালেদা জিয়া এই আহ্বান জানান। তবে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও জামায়াতে ইসলামী তাতে যোগ দেয়নি।আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন বিএনপির চেয়ারপারসন। বৈঠকে চারদলীয় জোটের তিন শরিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপি ও খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। এরপর খালেদা জিয়া কয়েকটি ছোট ছোট ডানপন্থী দলের নেতাদের সঙ্গে কথা বলেন।তবে এই বৈঠকের চেয়ে আলোচিত বিষয় ছিল জামায়াতের না যাওয়ার বিষয়টি। গত পরশু বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলের নেতাদেরকে ফোন করে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তার পরও আজ জামায়াতের নেতারা সেখানে না যাওয়ায় অনেকে অবাক হয়েছেন।বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘জামায়াত কেন এল না সেটা তো বুঝলাম না। তাদের জন্য তো আমরা সবাই অপেক্ষা করে থাকলাম অনেকক্ষণ।’তবে এ বিষয়ে জামায়াতের বক্তব্য জানা সম্ভব হয়নি। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও সাংসদ হামিদুর রহমান আযাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁরা কেউ ফোন ধরেননি। দলের কেন্দ্রীয় কর্ম পরিষদের একজন নেতা বলেছেন, বিষয়টি কেন এমন হল, সে বিষয়ে তাঁর কোনো ধারণা নেই।তবে একটি সূত্র জানায়, আগামী পরশু জামায়াত খালেদা জিয়ার সঙ্গে দেখা করবে। এর আগে দলীয়ভাবে কথা বলে হরতালে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে জামায়াত। সূত্র জানায়, শরিক ও সমমনা দলের নেতাদের খালেদা জিয়া বলেছেন, আগামী ৩০ নভেম্বরের হরতাল সফল করতে হবে। এ জন্য সবাই যেন যার যার সামর্থ্য অনুযায়ী কর্মসূচিতে অংশ নেয়।জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, তাঁরা সবাই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার বিষয়ে প্রস্তাব দিয়েছেন। খালেদা জিয়া বলেছেন, তিনি বিষয়টি নিয়ে ভাবছেন। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শফিক আহমেদ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।