এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সবুজ নক্ষত্র। এটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এখানে অভিনয় করছেন মিতা চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে। ব্যস্ত নাকি?হ্যাঁ, শুটিংয়ে যাচ্ছি। ঢাকার পাশেই কোনো একটা শালবনে শুটিং হবে। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নূরুল আলম আতিক নাটক তৈরি করছেন। নাম নূনের মতন ভালোবাসা। রাশিদা সুলতানার ‘বীরাঙ্গনা’ গল্প থেকে যৌথভাবে এর নাট্যরূপ দিয়েছেন মাতিয়া বানু শুকু ও নুরুল আলম আতিক। নাটকের মূল চরিত্রে আমি অভিনয় করছি।মুক্তিযুদ্ধের গল্পের আর কোনো নাটকে অভিনয় করছেন?সালাউদ্দিন জাকী অনেক দিন পর নাটক পরিচালনা করছেন। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির নাম দধিচি। মজার ব্যাপার হলো, ৩০ বছর পর আমি আর আফজাল হোসেন একসঙ্গে অভিনয় করছি। আমরা দুজন শেষ অভিনয় করেছিলাম ১৯৮০ সালে। সেলিম আল দীনের লেখা ওই নাটকটি ছিল ওহ্ দেবদূত। স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই তৈরি করছে দধিচি। ১২ থেকে ১৪ মার্চ দধিচি নাটকটির কাজ করেছি।কোথায় কাজ করলেন?রাজেন্দ্রপুরে, তৌকীর আহমেদের ‘নক্ষত্র বাড়ি’ এবং এর আশপাশের এলাকায়। সালাউদ্দিন জাকী অনেক ভাবনাচিন্তা করে, বেশ ধরে ধরে এবং যত্ন করে কাজ করছেন। এখানে আমার চরিত্রটিও চমৎকার। এই নাটকে আমাদের সঙ্গে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ। আমরা সবাই একসঙ্গে হওয়ার পর পরিবেশটাই অন্য রকম হয়ে গিয়েছিল। তখন আমার খুব কান্না পাচ্ছিল। একসময় আমরা সবাই একসঙ্গে কত কাজ করেছি!‘সবুজ নক্ষত্র’ ধারাবাহিকের কী খবর?কাজটা করতে দারুণ মজা পাচ্ছি। আমি আসলে যে রকম না, তেমনি একটি চরিত্র করছি এই নাটকে—লক্ষ্মী মহিলা। ছেলে আর ভাইয়ের কাজ-কারবারে অতিষ্ঠ। এই পরিচালকের আরও একটা ধারাবাহিকের কাজ করছি, নাম সাতকাহন। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। এখানে আমি করছি শশীকলা চরিত্রটি। মূল উপন্যাসে চরিত্রটির তেমন অস্তিত্ব নেই। কিন্তু নাটকের গোড়ার দিকে যথেষ্ট ভালো ভূমিকা রয়েছে। ভালো লাগছে।