৩০ বছরে বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি
গত ৩০ বছরে বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এখন বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ কোটি ৭০ লাখ। ১৯৮০ সালে এ সংখ্যা ছিল ১৫ কোটি ৩০ লাখ। চিকিত্সাবিষয়ক গবেষণা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত এক সমীক্ষায় এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ গবেষণাটি পরিচালিত হয়েছে। ওই গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বে ডায়াবেটিসের ওপর চালানো এখন পর্যন্ত সবচেয়ে বড় গবেষণা এটি। গবেষণায় বলা হয়েছে, বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, যা বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবার বাজেটে অনেক চাপ বাড়িয়েছে। তিন বছর ধরে চালানো এ গবেষণায় প্রায় ৩০ লাখ মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী বিশ্বে ৩৪ কোটি ৭০ লাখ ডায়াবেটিক রোগীর মধ্যে ১৩ কোটি ৮০ লাখ ভারত ও চীনের নাগরিক। তিন কোটি ৬০ লাখ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। পূর্ব অনুমানের চেয়ে ডায়াবেটিস আক্রান্তের এ সংখ্যা অনেক বেশি। ধারণা করা হতো, বিশ্বে মোট ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা সাড়ে ২৮ কোটি।গবেষণায় বলা হয়েছে, আক্রান্তদের বেশির ভাগ টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত। এ ধরনের ডায়াবেটিস সাধারণত বেশি মোটা ও পরিশ্রম কম করার কারণে হয়ে থাকে।গবেষকেরা ধারণা করছেন, অপেক্ষাকৃত ধনী দেশের রোগ হিসেবে পরিচিত ডায়াবেটিস শিগগির সারা বিশ্বের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক বড় বোঝা হিসেবে আসবে।বিশেষজ্ঞরা বলছেন, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া এবং ডায়াবেটিসের জন্য বিশ্বে প্রতি বছর প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়। ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে এ মৃত্যুর হার আরও বাড়বে।