৩০ বলে প্রোটিয়া বধ
ওয়ানডের সেরা দলের জায়গাটা নিয়ে আগের কয়েক বছর ধরেই লড়াই চলছিল দুদলের। ওই বিশ্বকাপেরও সেরা দুদলই ছিল তারাই। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালটিকে মনে করা হচ্ছিল ২০০৭ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াই। হয়ে গেল উল্টো। আসলে উল্টে দিলেন ম্যাকগ্রা।আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ দিয়েই বিদায় বলবেন ক্রিকেটকে। সেন্ট লুসিয়ার এই ম্যাচটাই তাই হতে পারত তাঁর শেষ। কিন্তু বড় মঞ্চের ক্রিকেটার তিনি, ফাইনাল থেকে বিদায় না নিলে কি আর হয়! ওই বিশ্বকাপে নতুন বলটা নিয়মিত পাচ্ছিলেন না। সেদিন পেলেন, প্রোটিয়াদের কপালও পুড়ল। ম্যাকগ্রার প্রথম ৫ ওভার যখন শেষ হলো, ম্যাচ কার্যত তখনই শেষ। সে সময় তাঁর বোলিং বিশ্লেষণ ৫-১-১৩-৩, দক্ষিণ আফ্রিকা ১০ ওভারে ২৭/৫! নাথান ব্রাকেন গ্রায়েম স্মিথকে আউট করার পর শিকারে নেমেছিলেন ম্যাকগ্রা। ডাউন দ্য উইকেটে এসে তাঁকে চার মারলেন জ্যাক ক্যালিস। পরের বলে একই প্রচেষ্টা, এবার নিখুঁত ইয়র্কারে বোল্ড। পঞ্চম ওভারে টানা দুই বলে আউট প্রিন্স ও বাউচার। ম্যাকগ্রার ওই ৩০ বলের ২৭টিই ছিল গুড লেন্থের। এর ২৬টি আবার অফ স্টাম্প ঘেঁষে। ১৪টি বল ছেড়ে দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা, চারটিতে সিঙ্গেল। বাকিগুলোতে শট খেলতে গিয়েই ধরা। ১৫০ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ম্যাচ-সেরা? ওই ৩৭ বছরের তরুণ!