৩০ লাখ টাকার বিদেশি নকল বই উদ্ধার
কপিরাইট টাক্সফোর্স রাজধানীর একটি বই বাঁধাইখানায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দুই হাজারের বেশি নকল (পাইরেটেড) বিদেশি বই উদ্ধার করেছে। আজ বুধবার রাজধানীর কলাবাগানে ‘সুমি বুক বাইন্ডিং’ থেকে চিকিত্সাশাস্ত্রের এসব বই উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার ছয় শ্রমিককে আটক করা হলেও মালিক ইকবাল হোসেনকে আটক করা যায়নি।সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার মো. মনজুরুর রহমান প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ ও স্থানীয় পুলিশের সহায়তায় বাঁধাইখানাটিতে অভিযান চালিয়ে তাঁরা দুই হাজারের বেশি নকল বই উদ্ধার করেছেন। এসব বইয়ের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। তবে কোথায় এসব বই ছাপা হয়েছে, তা জানা যায়নি।আটক কর্মচারী হাসমত আলী জানান, এসব বই যে নকল করা হচ্ছে, তা তাঁরা জানতেন না। তাঁদের মালিক বইয়ের ফর্মা এনে দিতেন, আর তাঁরা বাঁধাই করতেন। বাঁধাই করার পর এসব বই নীলক্ষেতে সরবরাহ করা হতো বলে তিনি জানান।