৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে
সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি কে এম সফিউল্লাহ বলেছেন, ‘আজ ঐতিহাসিক দিন। ৪১ বছর পর যুুদ্ধাপরাধের বিচার পেলাম। আমাদের ৩০ লাখ শহীদের আত্মা আমাদের দিকে তাকিয়ে ছিল। এখন তাদের আত্মা কিছুটা শান্তি পাবে। এই বিচারে আমরা সন্তুষ্ট।’মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের ফাঁসির আদেশের পর কে এম সফিউল্লাহ এ কথা বলেন। রায় ঘোষণা উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে সেক্টর কমান্ডার্স ফোরাম সমবেত হয়। সেখানে বেলা পৌনে ১২টার দিকে তিনি এ কথা বলেন।কে এম সফিউল্লাহ বলেন, ‘এই বিচার হওয়া উচিত ছিল। আমরা আশা করব, বাকি যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুত শেষ হবে। এতে শহীদদের আত্মা শান্তি পাবে।’ সঙ্গে তিনি যোগ করলেন, ‘আমি সেক্টর কমান্ডার হিসেবে দেখেছি পাকিস্তানিরা এদেশীয় দোসরদের সহায়তায় কীভাবে নিরীহ বাঙালিদের হত্যা করেছে। আমাদের হাতে অনেক পাকিস্তানি বন্দী ছিল। আমরা তাদের হত্যা করিনি। কারণ, বাঙালিরা অসহায়দের হত্যা করে না।’ সাবেক এই সেনাপ্রধান বলেন, ‘আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ধরে আনতে হবে। কিছু লোকের সহায়তায় তিনি এ দেশ থেকে পালিয়েছে। যারা সহযোগিতা করেছে তাদের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনতে হবে। রায় দ্রুত কার্যকর করতে হবে।’ তিনি আরও বলেন, সম্প্রতি ভারতে এক মেডিকেল কলেজছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। অপরাধীর পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। আমরা আশা করব, আমাদের দেশেও কোনো আইনজীবী যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়াবে না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারেক আলী, অজয় রায়, ম. হামিদ, কেয়া চৌধুরী।