মহানগর এলাকায় জেলা প্রশাসকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ও নিম্ন আদালতে পুলিশের মামলা পরিচালনা করার ক্ষমতা কেড়ে নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা। তাঁরা পুলিশ পরিদর্শকদের (ইন্সপেক্টর) প্রথম শ্রেণী ও উপপরিদর্শকদের (সাব-ইন্সপেক্টর) দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা করে ৩০ শতাংশ ঝুঁকিভাতা এবং নিম্নস্তরের পুলিশ সদস্যদের আট বছরে একটি টাইম স্কেল দেওয়ার দাবি জানান। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল ইসলামও এতে উপস্থিত ছিলেন। সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা ও বিদায়ী সাধারণ সম্পাদক ইকবাল বাহার বক্তব্য দেন। নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পুলিশ দৈনিক ১২ থেকে ১৮ ঘণ্টা কাজ করে। কিন্তু তার কোনো প্রণোদনামূলক ভাতার ব্যবস্থা নেই। সমপর্যায়ের অন্যান্য বাহিনীর তুলনায় পুলিশের বেতন-ভাতাও কম। পুলিশের জন্য বর্ধিত বেতন-ভাতার আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি, উল্টো পুলিশের ঘোষিত ভাতা কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, নিচের স্তরের পুলিশের টাইম স্কেল ও সবার জন্য ৩০ শতাংশ ঝুঁকিভাতার বিষয়টি দীর্ঘদিনের দাবি। নববিক্রম কিশোর বলেন, ১৯৭৫ সালের পর থেকে পুলিশকে দুর্বল ও অবমূল্যায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। আগে বিদেশ মিশনে পুলিশ নিয়োগ দেওয়া হতো। কিন্তু এখন সে ব্যবস্থা নেই। পুলিশ কর্মকর্তাদের মিশনে নিয়োগ দেওয়া হলে বিদেশে প্রতারণা ও জালিয়াতির ঘটনা কমবে। বিদায়ী সভাপতি বলেন, পুলিশ বাহিনীতে প্রথম শ্রেণীর কর্মকর্তার সংখ্যা এক হাজার ৫৯০টি। এ বিভাগে সচিব পদের কর্মকর্তা আছেন মাত্র একজন। প্রশাসন ক্যাডারে সাড়ে চার হাজার পদের বিপরীতে সচিব আছেন ৫৫ জন। এ হিসাবে পুলিশ বিভাগে ১৭টি প্রথম গ্রেডের কর্মকর্তা থাকা উচিত। তিনি পুলিশ বাহিনীতে প্রথম গ্রেডভুক্ত ১০টি পদ দেওয়ার দাবি জানান। এ ছাড়া তিনি পুলিশ ইন্সপেক্টরের পদ প্রথম শ্রেণী ও সাব-ইন্সপেক্টরের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার প্রস্তাব করেন। ইকবাল বাহার বলেন, মহানগর এলাকায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা জেলা প্রশাসকদের দেওয়া ও নিম্ন আদালতে মামলা পরিচালনার ক্ষমতা কেড়ে নেওয়ার কারণে পুলিশের মধ্যে হতাশা বিরাজ করছে। তিনি পুলিশ বাহিনীতে ভর্তির ক্ষেত্রে সদস্যদের সন্তানদের ১০ শতাংশ কোটা নির্ধারণের দাবি জানান। বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে ইকবাল বাহার প্রথম আলোকে বলেন, ‘পুলিশ তাদের দাবি জানাতে জানাতে ক্লান্ত হয়ে গেছে। আমরা মনে করি, পুলিশ ভালো থাকলে দেশের জনগণও ভালো থাকবে। যেখানে পুলিশের নিজের মানবাধিকার রক্ষা হচ্ছে না, সেখানে পুলিশ অন্যের মানবাধিকার রক্ষা করবে কী করে?