৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে: অর্থমন্ত্রী
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক দিনও বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতিবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব করদাতাকে রিটার্ন দাখিল করতে হবে। তবে ওই দিন ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসের মধ্যে তা দাখিল করা যাবে।আয়কর দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত জেলা পর্যায়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।আজকের অনুষ্ঠানে প্রতি জেলায় তিনজন দীর্ঘমেয়াদি আর তিনজন সর্বোচ্চ করদাতা হিসেবে মোট ৩৫০ জনকে পুরস্কৃত করা হয়। তবে কোনো কোনো জেলায় শর্ত পূরণ না হওয়ায় ছয়জনকে দেওয়া সম্ভব হয়নি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে কর দেওয়ার হার খুবই কম। বর্তমানে যে পরিমাণ কর দেওয়া হয়, তা জিডিপির ১০ শতাংশের কম। এ ক্ষেত্রে বাংলাদেশ নেপালের চেয়ে পিছিয়ে রয়েছে, যা খুবই লজ্জাকর। আর এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে এক কোটি লোককে কর-জালের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য এ বছরের শেষ নাগাদ কর আইন সংশোধন করা হবে। যাতে মানুষ আরও সহজে এবং হয়রানিমুক্তভাবে কর দিতে পারে। মন্ত্রী অনুষ্ঠানে কর গণনার জন্য অনলাইন ট্যাক্স ক্যালকুলেটর উদ্বোধন করেন। এর মাধ্যমে যেকোনো করদাতা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রদত্ত করের হিসাব করতে পারবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান। সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।