৩০ সেপ্টেম্বরের মধ্যে সিমের পরিবেশক-বিক্রেতার তালিকা জমার নির্দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোবাইল ফোন কোম্পানিগুলোকে তাদের সিম বিক্রির পরিবেশক ও খুচরা বিক্রেতাদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই সময়ের মধ্যে তালিকাটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা না দিলে লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আজ বুধবার মন্ত্রণালয়ে মোবাইল ফোনে চাঁদাবাজি প্রতিরোধে গঠিত সুপারিশ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে অক্টোবরের প্রথম সপ্তাহে এ কমিটির নেতৃত্বে নীতিমালা চূড়ান্ত হবে। কেউ যেন মোবাইল ফোনে চাঁদাবাজি করতে না পারে সে জন্য এ নীতিমালা করার সিদ্ধান্ত হয়েছে। ১৮ বছরের কম বয়সী কারও কাছে সিম বিক্রি না করার জন্যও তিনি নির্দেশ দেন।বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল ফোন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।