৩০ হাজার হজযাত্রীর যাত্রা অনিশ্চিত
৩০ হাজার হজযাত্রীর নির্ধারিত সময়ে সৌদি আরব পৌঁছানো অনিশ্চিত বলে দাবি করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারা বলেছে, বিমানের ফ্লাইট বিপর্যয়ের কারণে এই সমস্যা হবে। এতে হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে সংগঠনটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাবের সভাপতি জামালউদ্দিন আহমেদ এসব কথা জানান।জামালউদ্দিন বলেন, ‘১৭ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬০ হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা। আমরা তাঁদের জন্য বাড়ি ভাড়াসহ অন্যান্য কার্যক্রম শেষ করেছি। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, সরকার ৩০ হাজারের বেশি হজযাত্রী পাঠাতে পারবে না।’ হাবের সভাপতি আরও বলেন, ‘সৌদিয়া এয়ারলাইনস, নাস এয়ারলাইনস ও বিমান বাংলাদেশ এ বছর হজযাত্রী বহন করছে। এগুলোর বাইরে অন্য এয়ারলাইনস রাখার জন্য আমরা বারবার বিমানমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীকে বলেছিলাম। কারণ, তিনটি এয়ারলাইনসের পক্ষে সব যাত্রী পরিবহন করা সম্ভব নয়। আর বিমান বাংলাদেশের সেই সক্ষমতাও নেই। কিন্তু সরকার আমাদের কথা শোনেনি। বিমান ও সৌদিয়া এয়ারলাইনস আমাদের ফ্লাইট শিডিউল দিতে ব্যর্থ হয়েছে।’ এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জামালউদ্দিন বলেন, ‘৩০ হাজার যাত্রীর জন্য বাড়ি ভাড়া করা হয়েছে। এতে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হবে। কেননা, সরকার বলছে, এই ৩০ হাজার হজযাত্রীকে পরে পাঠানো হবে। দ্বিতীয়বার তাঁদের জন্য বাড়ি ভাড়া পাওয়া কঠিন হয়ে যাবে।’ সংগঠনটি ৩০ হাজার হজযাত্রীকে সময়মতো পৌঁছে দিতে দ্রুত বিকল্প কোনো এয়ারলাইনসের সঙ্গে কথা বলতে সরকারকে অনুরোধ জানায়।