৩০-৩৫টি আসনের সীমানা পুনর্বিন্যাস চাইবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মাঠপর্যায়ের দলীয় নেতাদের কাছ থেকে মতামত ও তথ্য সংগ্রহ করছে বিএনপি। প্রাপ্ত মতামত ও তথ্য যাচাই-বাছাইয়ের পর বিএনপি কোন কোন আসনের সীমানা পুনর্বিন্যাস চায়, তা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাবে।বিএনপির সূত্র জানায়, দলের সাংগঠনিক সম্পাদকেরা ইতিমধ্যে অধিকাংশ আসনের ব্যাপারে মতামত সংগ্রহ করে তা এ-সংক্রান্ত দলীয় কমিটির কাছে পাঠিয়েছেন। এখন পর্যন্ত পাওয়া মতামত অনুযায়ী, ১৯৮টি আসনের বর্তমান সীমানাতেই সন্তুষ্ট বিএনপি। এসব আসনের সীমানা পুনর্নির্ধারণের দরকার নেই বলে মনে করে দলটি। বাকি ১০২ আসনের মধ্যে ৩০ থেকে ৩৫টি আসনের পুনর্বিন্যাসের ব্যাপারে স্থানীয় নেতাদের মত পাওয়া গেছে বলে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কথা বলে জানা গেছে। তাঁরা জানান, এসব আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে প্রস্তাব চূড়ান্ত করে তা আগামী মাসের মাঝামাঝি নির্বাচন কমিশনকে (ইসি) অনানুষ্ঠানিকভাবে জানানো হবে।জানতে চাইলে সীমানা পুনর্বিন্যাসসংক্রান্ত বিএনপির গঠিত কমিটির আহ্বায়ক এম কে আনোয়ার বলেন, সব জেলা ও সংসদীয় আসনের প্রতিবেদন পাওয়ার পর তাঁরা তা যাচাই-বাছাই করবেন। তারপর সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিএনপির অবস্থান ইসিকে জানানো হবে। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রার্থী ও দলের জেলা কমিটির কাছে প্রতিটি সংসদীয় আসন সম্পর্কে মতামত চাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য ও মতামত নিয়ে এ-সংক্রান্ত কমিটি ইতিমধ্যে কয়েকটি বৈঠকও করেছে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, সরকারের হামলা-মামলার কারণে কাজটি এখনো সমাপ্ত হয়নি। এ কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিএনপির সাত সাংগঠনিক বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদকেরা। একাধিক সাংগঠনিক সম্পাদক প্রথম আলোকে বলেন, তাঁরা সংশ্লিষ্ট জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ ও গত নির্বাচনে পরাজিত প্রার্থীদের সঙ্গে বৈঠক করে যাঁর যাঁর বিভাগের ওপর প্রাথমিক প্রতিবেদনও তৈরি করেছেন। এতে ৩০ থেকে ৩৫ আসনের সীমানা নিয়ে বিএনপির আপত্তির কথা বলা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা জেলার সীমানা নিয়ে কয়েকটি আপত্তির কথা উঠেছে। বিশেষ করে, কেরানীগঞ্জ ও সাভারকে বিভক্তি করা নিয়ে আপত্তি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। তিনি ওই এলাকা থেকে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঢাকা বিভাগের নেতারা কেবল জনসংখ্যার ভিত্তিকে আসন পুনর্বিন্যাস না করার ব্যাপারে সুপারিশ করেছেন। এ বিভাগের নয়টি আসন পুনর্বিন্যাসের কথা বলা হবে জানা গেছে। তবে এ বিভাগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মনে করেন, ঢাকা মহানগরের আসন ১০টিতে সীমাবদ্ধ রাখা উচিত। একইভাবে বড় বড় শহরের আসনসংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া উচিত। তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে আসন পুনর্বিন্যাস করা ঠিক হবে না। ২০০৮ সালে জনসংখ্যাকে প্রাধান্য দিয়ে সংসদীয় আসনের সীমানাবিন্যাস করার পর ঢাকা মহানগরের আসনসংখ্যা আট থেকে ১৫-তে উন্নীত হয়। অবশ্য এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায়ের আগে ঢাকা শহরের আসনসংখ্যা ১০-এ সীমাবদ্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়ে গেছে। এ জন্য তাঁরা আইন সংশোধনেরও প্রস্তাব করেছিলেন। কিন্তু আইন মন্ত্রণালয় প্রস্তাবটি বর্তমান কমিশনের কাছে ফেরত পাঠিয়েছে। কমিশন আইন সংশোধন না করে বিধিধারা-নির্ধারিত পদ্ধতিতে সীমানাবিন্যাসের সিদ্ধান্ত নেয়।ঢাকা বিভাগের বাইরে রংপুর বিভাগের কুড়িগ্রাম-৩, কুড়িগ্রাম-৪ ও রংপুর-১ এবং রাজশাহী বিভাগের বগুড়া ও সিরাজগঞ্জ মিলিয়ে দুই বিভাগের আটটি সংসদীয় আসনের সীমানা নিয়ে সমস্যা আছে বলে সেখানকার বিএনপির নেতারা দলীয় কমিটির কাছে মতামত দিয়েছেন। রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব বলেছেন, তাঁরা প্রতিবেদন প্রায় চূড়ান্ত করেছেন। দ্রুত তা কেন্দ্রে পাঠাবেন। চট্টগ্রাম বিভাগের নেতারা চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন আসনের সীমানা পুনর্বিন্যাস জরুরি বলে মত দিয়েছেন। তাঁদের দাবি, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিশেষ উদ্দেশ্যে যেসব আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছিল, এ বিভাগের ১০ থেকে ১১ আসনের ব্যাপারে আপত্তি তোলা হতে পারে বলে একাধিক সাংসদ ও দলীয় নেতা জানিয়েছেন। একইভাবে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জের চারটি আসনের পুনর্বিন্যাসের পক্ষে মত দিয়েছেন স্থানীয় নেতারা।খুলনা ও বরিশাল বিভাগের আসন নিয়ে কোনো অভিযোগ মাঠপর্যায় থেকে এখনো কেন্দ্রে আসেনি বলে জানা গেছে। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, তাঁরা কয়েকটি বৈঠক করেছেন। কিন্তু কোনো অভিযোগ পাননি। বিষয়টি কেন্দ্রকে জানিয়ে দেবেন।এদিকে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগসহ ৩০টি দল অংশ নিলেও বিএনপিসহ ১০টি দল সংলাপ বর্জন করে। তবে অংশগ্রহণকারী দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে সীমানা নির্ধারণ করার উপায় খুঁজতে নির্বাচন কমিশন গতকাল সোমবার থেকে বৈঠক শুরু করেছে। কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, সর্বোচ্চ ৩০ থেকে ৪০টি আসনে ছোটখাটো কিছু পরিবর্তন আসতে পারে। এই অবস্থায় সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিএনপির অনানুষ্ঠানিক মত বা প্রস্তাব দিলে তা বিবেচনায় নেওয়া হবে কি না—এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, অনানুষ্ঠানিক-আনুষ্ঠানিক যেভাবেই হোক, তারা কোনো প্রস্তাব দিলে তা বিবেচনা করা হবে। আর এ ক্ষেত্রে যে দলীয়ভাবেই বলতে হবে এমন নয়, যে কেউ আলাদাভাবেও কমিশনকে জানাতে পারবেন।