নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য করা ৪২টি আবেদন যাচাইয়ের কাজ শেষ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্যে এই মুহূর্তে সব শর্ত পূরণ না করলেও ৩০টির মতো প্রস্তাব অনুমোদনের জন্য বিবেচনায় আনা যেতে পারে বলে মত দিয়েছে কমিশন। বাকি ১২টি প্রস্তাব বিভিন্ন কারণে বিবেচনায় আনার মতো নয় বলে কমিশন মত দিয়েছে।জানা যায়, ইউজিসির সুপারিশ করা আবেদনগুলোর বেশির ভাগই ঢাকার বাইরে অবস্থিত। তবে মোট ৩০টি আবেদন বিবেচনার জন্য পাঠানো হলেও প্রায় সব শর্ত মানা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টির বেশি নয়।ইউজিসি সূত্রে জানা গেছে, আজ সোমবার যাচাই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইউজিসি বলেছে, পূর্ণাঙ্গ অবকাঠামো ও অপরিহার্য শর্তগুলো পূরণ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া সমীচীন হবে না। এ বিষয়ে কমিশনের প্রস্তাব হলো, শিক্ষা মন্ত্রণালয় যেসব প্রস্তাব সাময়িক অনুমোদনের জন্য নির্বাচন করবে, তার তালিকা মন্ত্রণালয় থেকে ইউজিসিতে পাঠাতে হবে। তখন প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে বলা হবে। এরপর সরেজমিনে পরিদর্শন করে যারা শর্ত পূরণ করবে, তাদের সাময়িক অনুমোদন দেওয়া যেতে পারে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী আজ প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে জানিয়ে প্রথম আলোকে বলেন, যাচাইয়ের সময় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যূন ২৫ হাজার বর্গফুটের ভাড়া অথবা নিজস্ব ভবন আছে কি না এবং ট্রাস্টি বোর্ড, অনুকূল পরিবেশ, সংরক্ষিত তহবিলসহ মূল শর্তগুলো পূরণ করা হয়েছে কি না, তা দেখা হয়েছে। বলা যায়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এই মুহূর্তে কোনো বিশ্ববিদ্যালয়ই সব শর্ত পূরণ করেনি।অনুমোদনের আগেই সব শর্ত পূরণ করার বিষয়ে আতফুল হাই বলেন, ‘১৯৯২ সালের আইন অনুযায়ী শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ায় অনেকে নানা ধরনের অনিয়ম করেছে। এ জন্য আমরা সব শর্ত পূরণ করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার কথা বলেছি।’ বিবেচনায় না আনা ১২টি প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এগুলো মূল শর্ত পূরণ করতে পারেনি।ইউজিসির কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫৮টি আবেদন কমিশনে পাঠানো হয় যাচাইয়ের জন্য। এর মধ্যে প্রথমে পাঠানো হয় ৪৯টি, যার মধ্যে ৪২টি যাচাইয়ের কাজ শেষে প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাকিগুলোর বিষয়ে শিগগির সিদ্ধান্ত দেওয়া হবে।সূত্রমতে, ঢাকার কয়েকটি প্রস্তাব বিবেচনার তালিকায় রাখা হলেও ইউজিসি বলছে, ঢাকার জন্য নিজস্ব জমির ওপর অবকাঠামো থাকতে হবে, না হলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া যাবে না। তা ছাড়া এ ক্ষেত্রে সিটি করপোরেশন ও রাজউকের অনুমোদন লাগবে।জানা যায়, ইতিবাচক চিত্র পাওয়া ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগই রাজশাহীতে অবস্থিত। এ ছাড়া রংপুর, সিলেট, বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নতুন বিশ্ববিদ্যালয় করতে যাঁরা আসবেন, তাঁদের সব শর্ত পূরণ করতে হবে। এটাই আমাদের সুপারিশ। আর ঢাকার বিষয়ে বলেছি, যাদের নিজস্ব জমিতে অবকাঠামো আছে, তাদের অনুমোদন দেওয়া যেতে পারে।দেশে বর্তমানে সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫১টি। এর মধ্যে ১০-১২টি ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে শিক্ষাবাণিজ্য, প্রতারণাসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।