বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করেছেন। ক্যাম্পাস ভবনের নিচে পার্ক করা একটি পানিবাহী ভাউজারে (ট্যাংকারবিশেষ) আগুন লাগার সূত্র ধরে তাঁরা এ ভাঙচুর করেন বলে জানা গেছে। শিক্ষার্থীরা বিনা পয়সায় সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে নিয়োজিত বাস, আবর্জনা বহনকারী ট্রাক, কর্মচারীদের যাতায়াতে ব্যবহূত বাস, পানিবাহী ভাউজার, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। ভাঙচুরের হাত থেকে লাশ বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সও বাদ যায়নি। সব গাড়িই সিটি করপোরেশনের মালিকানাধীন। জানা গেছে, নগরের দামপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনে সাত বছর ধরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশন। ভবনের নিচতলায় একটি সিএনজি স্টেশন রয়েছে। তবে দুর্ঘটনার আশায় ছয় মাস আগে পরিবেশ অধিদপ্তরের নির্দেশে ওই স্টেশনে গ্যাস বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে স্টেশনটি করপোরেশন গাড়ি পার্কিংয়ের জায়গা হিসেবে ব্যবহার করছে। শিক্ষার্থীরা বলেছেন, গাড়ি পার্কিং নিয়ে তাঁরা আপত্তি জানিয়ে আসছেন। জানা যায়, বিকেলে পানি বহনকারী ভাউজারে চালকের আসনের কাছে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বিভিন্ন সেমিস্টারে অন্তত ৩০০ শিক্ষার্থীর পরীক্ষা চলছিল। পাঠদান চলছিল কিছু বিভাগে। আগুন আশপাশের সিএনজিচালিত গাড়িতে ছড়িয়ে পড়তে পারে ভেবে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। শিক্ষার্থীরা প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সিটি করপোরেশনের কর্মীরা এসে অগ্নিনির্বাপণ গ্যাস দিয়ে আগুন নেভান। এর পরই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। দুর্ঘটনার ঝুঁকি আছে জেনেও করপোরেশন সেখানে গাড়ি রেখেছে—এমন অভিযোগ করে তাঁরা সেখানে থাকা প্রায় সবগুলো গাড়ি ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের বিবিএ চূড়ান্ত বর্ষের ছাত্র মোহাম্মদ তোয়াহা প্রথম আলোকে বলেন, আগুন লাগার পরপর সিটি করপোরেশনের কোনো কর্মীকে আশপাশে দেখা যায়নি। অনেক পরে তাঁরা এসেছেন। বিবিএ শেষ বর্ষের ছাত্র ওয়াহিদ উদ্দিন ও এমবিএর ছাত্র জলিল হাসান দাবি করেন, তাঁরা রাস্তায় চলাচলরত একটি গাড়িও ভাঙেননি। কেবল পার্কিং করা গাড়িই ভাঙচুর করেছেন। তাঁরা অবিলম্বে পার্কিং সরিয়ে সেখানে শিক্ষার্থীদের জন্য ক্যানটিন ও ইনডোর খেলাধুলার ব্যবস্থা করার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন প্রথম আলোকে বলেন, গাড়িতে আগুন লেগে যাওয়ার কারণে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। বিশেষ করে, গাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের ভয়াবহতা বাড়তে পারত। তিনি করপোরেশনের মেয়রকে সিএনজি স্টেশন থেকে পার্কিং সরিয়ে নিতে অনুরোধ করেন। তবে সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘একটি দুর্ঘটনা ঘটেছে। বাস্তবতা শিক্ষার্থীদেরও বুঝতে হবে। আমরাও হুট করে যাব কোথায়?’ সিটি করপোরেশনের সিএনজি স্টেশনের হিসাব সহকারী শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, চালকের আসনের কাছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তাঁরা ধারণা করছেন। কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।