৩০তম বিসিএস পরীক্ষা: ফলাফল বাতিলের রিটের শুনানি ৩ অক্টোবর
৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার (প্রিলিমিনারি) ফলাফল বাতিল চেয়ে করা রিটের ওপর আগামী ৩ অক্টোবর শুনানি হবে। তবে আদালত ফলাফল প্রকাশ না করার বিষয়ে কোনো আদেশ দেননি। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে কী গ্রহণযোগ্য সমাধান করে, তা আদালত দেখতে চেয়েছেন। এটি পর্যালোচনা করার কথাও বলেছেন আদালত।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।সরকার পক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, আদালত এ বিষয়ে কোনো রুল বা স্থগিতাদেশ দেননি। এর ফলে ফলাফল প্রকাশে কোনো বাধা নেই। রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বিষয়টি বিচারাধীন থাকায় পিএসসি ফলাফল প্রকাশ করতে পারবে না।৩০তম বিসিএস প্রাথমিক বাছাই পরীক্ষার প্রশ্নপত্রে অসংগতির অভিযোগ এনে পরীক্ষার্থী শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ জন পরীক্ষার্থী রিটটি দায়ের করেন। গতকাল একই আদালত রিটের শুনানি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ না করতে পিএসসিকে নির্দেশ দিয়েছিলেন।