৩০তম বিসিএস: পিএসসি চেয়ারম্যানসহ পাঁচজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার (প্রাথমিক বাছাই) প্রশ্নপত্রে ভুল থাকায় তা তিন দিনের মধ্যে বাতিলের আবেদন জানিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ পাঁচজনকে নোটিশ দেওয়া হয়েছে। ওই পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন পরীক্ষার্থীর পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ আজ বৃহস্পতিবার দুপুরে এ নোটিশ দেন। মনজিল মোরশেদ প্রথম আলোকে জানান, পিএসসির চেয়ারম্যান সা’দত হুসাইন, পিএসসির সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন, সংস্থাপন সচিব ও বিজি প্রেসের নিয়ন্ত্রককে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার খ সেটে ১৪টি প্রশ্ন ভুল ছিল। এর ১১টি ভুল ছিল ইংরেজি অংশে। এ সেটে পরীক্ষা দিয়ে ৫০ হাজার পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তিন দিনের মধ্যে পরীক্ষা বাতিল না হলে এই ১৯ জন পরীক্ষার্থী আইনের আশ্রয় নেবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।