৩০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৩০তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল আজ বুধবার বিকেলে প্রকাশ করা হয়েছে। এই বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট পাঁচ হাজার ৮১০ জন উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে দুই হাজার ৩৬৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।৩০তম বিসিএসের মোট আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ৪৭ হাজার ৩৯৫ জন। প্রাথমিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নয় হাজার ৫৯ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। গত ২০ জুন থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষায় আট হাজার ৬৪০ জন প্রার্থী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে পাঁচ হাজার ৮১০ জন কৃতকার্য হয়েছেন এবং দুই হাজার ৩৬৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। বাকিদের পদ খালি থাকা সাপেক্ষে নন-ক্যাডারে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।সুপারিশকৃতদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৮৫ জন, পররাষ্ট্রে ২০ জন, পুলিশে ১৯১ জন, নিরীক্ষা ও হিসাবে ৪১ জন, আনসারে ৪৪ জন, শুল্ক ও আবগারিতে ৫৪ জন, সমবায়ে আটজন, খাদ্যে ১০ জন, পরিবার পরিকল্পনায় ১৯ জন, ডাক বিভাগে ছয়জন, রেলওয়েতে দুজন, কর-এ ৩৫ জন, বাণিজ্যে দুজন, ইকোনমিকে ২৫ জন, তথ্যে ২০ জন সাধারণ ক্যাডারে নিয়োগ পেয়েছেন। আর কারিগরি ক্যাডারে সবচেয়ে বেশি নিয়োগ পেয়েছেন বিসিএস স্বাস্থ্যে। এই ক্যাডারে মোট নিয়োগ পেয়েছেন ৫৭০ জন।উত্তীর্ণদের প্রার্থীদের মধ্যে মহিলা, উপজাতি ও জেলা কোটায় নিয়োগ পেয়েছেন ৭৮৪ জন। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ৬১৩ জন, মহিলা ৩২ জন ও উপজাতি ১৩৯ জন। আর সুপারিশকৃত দুই হাজার ৩৬৭ জন প্রার্থীর মধ্যে পুরুষ এক হাজার ৬২৩ জন ও মহিলা ৭৪৪ জন।এ ছাড়া লিখিত ও মৌখিক উভয় পরীক্ষা উত্তীর্ণ হলেও ১৩ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে বলেও জানা গেছে।ফলাফল দেখতে ক্লিক করুন