৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশ
৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৪৭০ জন। সরকারি কর্মকমিশন (www.bpsc.gov.bd) ও প্রথম আলোর (www.prothom-alo.com) ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পিএসসি সূত্রে জানা গেছে, ১০ জনের ফল স্থগিত রাখা হয়েছে। তাঁদের প্রবেশপত্রসহ দরখাস্ত নিয়ে ৩১ অক্টোবরের মধ্যে কমিশনে উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে তাঁদের ফল প্রকাশ করা হবে। চলতি বছরের ৯ মার্চ ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সাধারণ ক্যাডারে ৮৩১টি, প্রফেশনাল ক্যাডারে এক হাজার ৬৮৫টি ও বিষয়ভিত্তিক ক্যাডারে ৫৬টি পদ রয়েছে। প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরের ৩০ জুলাই দেশের ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।তবে এবার ২ নম্বর সেটে ১১টি প্রশ্নপত্রে ভুল ও অসংগতি ছিল। এ কারণে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে ৮ আগস্ট শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট করেন। ওই রিটের ওপর শুনানি শেষে ৩ অক্টোবর আদেশ দেন আদালত। এতে ২ নম্বর সেটের জন্য ১১টি প্রশ্ন বাদ দিয়ে ৮৯ নম্বরে খাতা পুনর্মূল্যায়ন করে সেটিকে ১০০-তে রূপান্তর করে ফল প্রকাশের নির্দেশনা ছিল।পিএসসি জানিয়েছে, প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মূল আবেদনপত্র নিতে হবে। ৯ নভেম্বর থেকে বিনা মূল্যে এই আবেদনপত্র পাওয়া যাবে। প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আবেদনপত্রটি পূরণ করে ২৩ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে তা গ্রহণযোগ্য হবে না।পিএসসি জানিয়েছে, ঢাকা কেন্দ্রের প্রার্থীদের কমিশনের আগারগাঁওয়ের সচিবালয় থেকে আবেদনপত্র নিতে হবে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের প্রার্থীরা নিজ নিজ অঞ্চলের কমিশনের কার্যালয় থেকে আবেদনপত্র নিয়ে জমা দিতে পারবেন।ফলাফল দেখতে এখানে ক্লিক করুন