৩০তম বিসিএসের ১১টি ভুল নিয়ে পিএসসির ব্যাখ্যা
৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দুই নম্বর সেটে অসংগতিপূর্ণ ১১টি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের ১১ নম্বর দেওয়া হবে না। ওই প্রশ্নগুলো বাদ দিয়ে ৮৯ নম্বরে স্কোরিং করা হবে। পরে প্রাপ্ত নম্বরের শতকরা হিসাবে তাঁদের নম্বর গণনা করা হবে।আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, দুই নম্বর সেটের পরীক্ষার্থীদের ৮৯ নম্বরে মূল্যায়ন করা হবে। এরপর পরীক্ষার্থীর পাওয়া নম্বরকে ৮৯ দিয়ে ভাগ করে তাকে ১০০ দিয়ে গুণ করা হবে। আর এটিই হবে পরীক্ষার্থীর পাওয়া নম্বর।এ বিষয়ে আজ রাতে যোগাযোগ করা হলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ১১টা প্রশ্ন বাদ দিয়ে ৮৯ নম্বরের মধ্যে স্কোরিং করার সিদ্দান্ত নিয়েছিল পিএসসি। আর হাইকোর্ট পিএসসির এ সিদ্দান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছে। কিন্তু গণমাধ্যমে হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করা হয়েছে।পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনের সংবাদপত্রে হাইকোর্টের রায়ের ব্যখ্যা করে বলা হয়েছে, ৩০তম বিসিএসের ২ নম্বর সেটের পরীক্ষার্থীদের ভুল প্রশ্নের জন্য অতিরিক্ত ১১ নম্বর যোগ হবে। কিন্তু এ ধরনের সিদ্দান্ত পিএসসি নেয়নি।প্রসঙ্গত, ৩০তম বিসিএস পরীক্ষায় ২ নম্বর সেটে ১১ টি ভুল প্রশ্নের বিষয়ে পরীক্ষার্থীদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত রোববার রায় দেন।