৩০০ একর জমির ফসল বাঁচাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ এপ্রিল সারা রাত ঘুমাতে যায়নি ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের গোলাপ মাতুব্বরেরডাঙ্গির পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ থেকে মুন্সিরডাঙ্গির শেষ মাথা পর্যন্ত এলাকার কয়েক হাজার মানুষ। পদ্মা থেকে ভুবনেশ্বর নদের উৎসমুখ পর্যন্ত দেড় কিলোমিটার এলাকার কেউ বসে থাকেনি। কোনো না কোনো কাজে নিয়োজিত ছিল। সারা রাত জেগে তারা কেউ মাটি কেটেছে, কেউ কাজে সাহায্য করেছে, কেউ পানি এগিয়ে দিয়েছে, কেউবা খাবারের ব্যবস্থা করেছে। পদ্মা নদীর শাখা ভুবনেশ্বর নদের এ অংশে এলাকার প্রায় ছয় শতাধিক কৃষক প্রায় ৩০০ একর জমিতে প্রতিবছরের মতো এ বছরও বোরো, বাদাম ও তিলের চাষ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাত্র ধান পাকা শুরু করেছে। ২০ থেকে ২৫ দিনের মধ্যে সব ধান কেটে নেওয়া সম্ভব হবে; কিন্তু আকস্মিকভাবে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় মুন্সিরডাঙ্গির শেষ মাথা দিয়ে পানি ঢুকে দেড় কিলোমিটার অংশের ওই জমি তলিয়ে যাওয়ার উপক্রম হয়। তাঁরা পানি ঠেকাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ধরনা দেন। দু-এক দিন ঘোরাফেরা করে তাঁদের কোনো উদ্যোগ না দেখে কোদাল হাতে নিজেরাই নেমে পড়েন বাঁধ দেওয়ার কাজে।স্থানীয় হিরু শেখ জানান, গত বুধবার দুপুর দুইটা থেকে এলাকার শতাধিক কৃষক পদ্মা নদী থেকে ভুবনেশ্বর নদের উৎসমুখে বাঁধ দেওয়ার কাজ শুরু করেন। খবর পেয়ে ছুটে আসেন সদর উপজেলার ইউএনও রাহিমা আক্তার এবং ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল। আনা হয় এসকেবেটার মেশিন। পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা করে জেনারেটরের। রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত প্রায় ৪০০ ফুট দীর্ঘ ক্রস বাঁধ নির্মাণের প্রাথমিক কাজ শেষ হয়। এলাকার কৃষক মো. আলী আকবর (৫৫) বলেন, ‘আমি পাঁচ একর জমিতে ব্লক করে ইরি ধান লাগাইছি। ফলন খুব ভালো হইছে। প্রতি একরে ১২০ মণ ধান পাওয়া যাবে। পানি একবার ঢুকতে পারলে মুহূর্তের মধ্যে সব ধান তলায় যাইতো। আমরা একটা দানাও ঘরে তুলতে পারতাম না।’ কৃষক মোশাররফ হোসেন (৪৫) বলেন, ‘আমি তিন একর জমিতে ধান লাগাইছি। গত কয়েক বছর ধরে এ মরা নদীতে আমরা এভাবেই চাষাবাদ কইরা আসছি; কিন্তু পদ্মার পানি এবারের মতো কোনোবারই এত বাড়ে নাই। ধানগুলান বাঁচাতে না পারলে সারা বছর না খাইয়া থাকা লাগতো।’ কৃষানি খাদিজা বেগম (৪০) বলেন, ‘ছয় কাঠা জমিতে ধান লাগাইছি। এর জন্য অনেক কষ্ট করছি। খরার সময় পানি দিছি। সেই ধানগুলো ডুইবা গেলে বাঁচতে পারতাম না।’ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান সাদিকুজ্জামান পাল বলেন, ‘ভুবনেশ্বর নদে পানি প্রায় ঢুকেই পড়েছিল। আমরা সবার সহযোগিতায় সারা রাত পরিশ্রম করে বাঁধ দিয়েছি। এর ফলে ৩০০ একর জমির ধান রক্ষা করা সম্ভব হবে। আমি নিজে সারা রাত উপস্থিত থেকে কাজের তদারকি করেছি। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আমাদের সাহায্য করেছে।’সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ বলেন, ‘এ জমির ফসল রক্ষা করা গেলে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ধান পাওয়া যাবে।’ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আ. মান্নান বলেন, ‘নবনির্মিত মাটির বাঁধটি টিকিয়ে রাখার জন্য এক হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো বালু ভর্তি করে বাঁধের গায়ে স্থাপন করে পানির ঢেউ থেকে বাঁধকে রক্ষা করা হবে।’ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ গত ৩০ এপ্রিল সকালে বাঁধটি পরিদর্শন করেন। তিনি বলেন, ‘রাতারাতি বাঁধটি না দেওয়া গেলে ৩০০ একর জমির আধা-পাকা ধান রক্ষা করা যেত না।’