শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা
৩০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব কানাডীয় কোম্পানির
হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে কানাডীয় কোম্পানির প্রস্তাব গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। প্রস্তাবটি অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে কানাডীয় কোম্পানি ভিজুয়াল ডিফেন্স ইনকরপোরেশন (ভিডিআই) ৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে।মন্ত্রিসভা কমিটিতে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এয়ারলাইনসগুলো থেকে বহির্গমন যাত্রীদের কাছ থেকে মাথাপিছু নিরাপত্তা ফি আদায় করবে। এতে যাত্রীপ্রতি ৩৫ মার্কিন ডলার বা প্রায় আড়াই হাজার টাকা ফি আদায়ের প্রস্তাব করা হয়। বিমান মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, যাত্রীপ্রতি নিরাপত্তার এই ফি আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করা হবে। এটা আরও কমতে পারে। প্রাপ্ত ফির ১৫ শতাংশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে পাবে বাংলাদেশ সরকার। বাকি অর্থ পাবে ভিডিআই। এভাবে ২৫ বছরে তারা খরচসহ লাভ তুলে নেবে।মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমান যাত্রীসংখ্যার হিসাবে এই নিরাপত্তা ফি বাবদ বছরে বাংলাদেশ সরকারের আয় হবে ১৪৮ কোটি টাকা। যাত্রীসংখ্যা বাড়লে আয় আরও বাড়বে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মান অনুযায়ী শাহ্জালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে ভিডিআইয়ের দেওয়া প্রস্তাবটি যাচাই-বাছাই করা হয়েছে। প্রস্তাবটি গত ২৯ আগস্ট মন্ত্রণালয় থেকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়।তবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ এয়ারলাইনসগুলো থেকে নিরাপত্তা ফি আদায় করার বিরোধিতা করছে। তাদের দাবি, এয়ারলাইনসগুলো এই ফি যাত্রীদের কাছ থেকে আদায় করবে। এতে টিকিটের দাম বেড়ে যাবে। এ ব্যাপারে ভিডিআইয়ের দক্ষিণ এশীয় পরামর্শক সিমাব রশিদ প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা হলে যাত্রীপ্রতি এয়ারলাইনসগুলোর বর্তমানে নেওয়া বিমার প্রিমিয়াম অনেক কমে যাবে। তাতে নিরাপত্তা ফি যুক্ত হলেও টিকিটের দাম ক্ষেত্রবিশেষে কমে যেতে পারে বলে তিনি দাবি করেন।সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, কয়েক বছর আগে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষকে ‘এ ক্যাটাগরি’ থেকে ‘বি ক্যাটাগরি’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন। ফলে বোয়িং কোম্পানি থেকে নতুন প্রজন্মের উড়োজাহাজ কিনেও বাংলাদেশ বিমান সহসা নিউইয়র্ক ফ্লাইট চালু করতে পারছে না। বাংলাদেশ এখন উড্ডয়ন নিরাপত্তা উদ্বেগের (এসএসসি-সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন) তালিকাভুক্ত। ভবিষ্যতে বিমানবন্দরের নিরাপত্তা (এসসিইসি-সিগনিফিক্যান্ট সিকিউরিটি কনসার্ন) উদ্বেগের তালিকায় পড়ারও আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) অনুমোদিত করা জরুরি হয়ে পড়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমন্বিত নিরাপত্তাব্যবস্থার অধীন আধুনিক যন্ত্রপাতি বসানোর পর ভিডিআই এসব পরিচালনার জন্য বাংলাদেশের সিভিল এভিয়েশনের কর্মীদের প্রশিক্ষণ দেবে। প্রকল্পের অধীন বিমানবন্দরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমানাপ্রাচীরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্যারামিটার ইনট্রুডার ডিটেকশন সিস্টেম (পিআইডিএস) স্থাপন করা হবে, যাতে স্বয়ংক্রিয় অ্যালার্ম ও ভিডিও পর্যবেক্ষণব্যবস্থা থাকবে। এ ছাড়া বিমানবন্দরে বিদ্যমান এয়ারপোর্ট নিরাপত্তা কর্মসূচির উন্নয়নসহ একটি সমন্বিত পরিচালনার পদ্ধতি তৈরি করা হবে।বিমানবন্দরে যাত্রীদের দেহ তল্লাশিসহ হ্যান্ডব্যাগ, কেবিন ব্যাগ স্ক্যান করার পদ্ধতি আধুনিক করা এবং এর কার্যক্রম বৃদ্ধিতে টিএসএসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রত্যয়ন করা প্যাসেঞ্জার স্ক্যানিং ডিটেকশন-ব্যবস্থা এবং মালামাল, ব্যাগ স্ক্যানিংয়ের জন্য কম্পিউটার-নিয়ন্ত্রিত স্ক্যানিং যন্ত্র স্থাপন করা হবে; যাতে বিস্ফোরক, ধাতব ও অধাতব হুমকিমূলক বস্তু শনাক্ত করা সম্ভব হয়।বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় বায়োমেট্রিক ফিচারযুক্ত স্বয়ংক্রিয় প্রবেশ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণের জন্য সমন্বিত নিরাপত্তা নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন করার কথা প্রস্তাবে বলা হয়েছে।