৩০০ কোটি টাকার কাজ পেতে দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বছরে প্রায় ৩০০ কোটি টাকার কাজটি পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে প্রভাবশালী একটি গোষ্ঠী। এ-সংক্রান্ত প্রস্তাব নিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে ইতিমধ্যে দুই দফা আলোচনাও হয়েছে।ঢাকার কুর্মিটোলায় দেশের প্রধান এই বিমানবন্দরটির গ্রাউন্ড হ্যান্ডলিং শুরু থেকে করে আসছে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।সূত্র জানায়, এ খাত থেকে এখন বছরে ২৮০ কোটি টাকা আয় করে বিমান। প্রতিবছরই দেশি-বিদেশি বিভিন্ন বিমান সংস্থা এ দেশে ফ্লাইট পরিচালনায় যুক্ত হচ্ছে, অনেকে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে। ফলে প্রতিবছরই এই বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবসায় বিমানের লাভ বাড়ছে। ভবিষ্যতে এ খাত থেকে বিমানের আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০০ কোটি টাকা।বিপুল অঙ্কের আয়ের এ কাজটি পেতে বর্তমান সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রভাবশালী একটি ব্যবসায়ী গোষ্ঠী খুবই সক্রিয় রয়েছে। বিমানের একাধিক কর্মকর্তা বলেন, এ খাতের আয় দিয়ে বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকা উঠে আসে। তাঁদের মতে, দেশের প্রধান বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ অন্য কোনো কোম্পানির হাতে তুলে দেওয়াটা শুধু বিমানের জন্যই ক্ষতি বয়ে আনবে না, এ ধরনের উদ্যোগ জাতীয় স্বার্থেরও পরিপন্থী। তা ছাড়া জাতীয় নিরাপত্তার জন্য বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই বিমানবন্দরের অভ্যন্তরে এ ধরনের কাজে বাইরের কাউকে নিয়োগ দেওয়ার আগে ঝুঁকির বিষয়টিও বিবেচনায় রাখা দরকার বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।অবশ্য এ কাজে ৩৮ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিমানের সেবার মান নিয়েও প্রশ্ন আছে। এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বাংলাদেশ বিমানের কাজে সন্তুষ্ট নয় সেবাগ্রহীতারা। এ নিয়ে নানা অভিযোগ আছে। তিনি বলেন, ‘আমরা চাই কাজটি বিমানের কাছে থাকুক। তাই আমরা বিমানকে বলেছি, তাদের কাজের মান ও দক্ষতা বাড়াতে হবে। আমরা তাদের তিন মাস সময় দিয়েছি। আগামী হজ পর্যন্ত তাদের পারফরম্যান্স দেখব।’বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘এটা ঠিক যে, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে আমাদের জনবল ও ইক্যুইপমেন্টের সংকট আছে। তার পরও আমরা সেবার মান বাড়ানোর চেষ্টা ও উদ্যোগ নিয়েছি। ইক্যুইপমেন্ট কেনার জন্য এবার বিমানের বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দও রেখেছি।’ সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, এখন যে ব্যবসায়ী গোষ্ঠীটি কাজটি পাওয়ার চেষ্টা চালাচ্ছে, তারা সম্প্রতি দেশীয় একটি বেসরকারি বিমান সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। তারা দুবাইভিত্তিক একটি কোম্পানির সঙ্গে দেশীয় কোম্পানিটির যৌথ উদ্যোগ দেখিয়ে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এই বিরাট কাজটি পেতে চায়। দুবাইভিত্তিক ওই কোম্পানির স্থানীয় প্রতিনিধি হচ্ছেন বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের এক মন্ত্রীর জামাতা। ওই জামাতা এর আগে গত তত্ত্বাবধায়ক সরকার আমলেও যৌথ উদ্যোগের নামে দুবাইভিত্তিক একটি কোম্পানির নামে বিমানবন্দরের কাজটি নেওয়ার চেষ্টা চালান। তখন দুবাইয়ের ওই কোম্পানির প্রস্তাব নিয়ে মন্ত্রণালয় অনেক দূর এগিয়ে যায়। এ নিয়ে প্রথম আলোতে ২০০৭ সালের ২৯ মে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে পরে আর তৎপরতা দেখা যায়নি।বিশেষজ্ঞদের মতে, জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট দেশের প্রধান বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ সরকার-নিয়ন্ত্রিত কোম্পানি বা সংস্থার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানকে দিলে ঝুঁকির দিকটি বিবেচনায় রাখতে হবে। এ কাজের জন্য বাইরের কোম্পানির নিয়োজিত কর্মীরা বিমানবন্দরের প্রতিটি স্পর্শকাতর স্থানে অবাধে যাতায়াত করতে পারবেন। কারণ এ দেশে চলাচলকারী প্রতিটি এয়ারলাইনসের মালামাল ওঠানো-নামানো, ট্রাফিক-সংশ্লিষ্ট কাজসহ অনেক দায়িত্বই তারা পালন করবে।