৩০০ রোগীকে হত্যা করেছেন চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক তাঁর সেবা দিয়ে রোগীকে সারিয়ে তুলবেন—এটাই স্বাভাবিক। কিন্তু ব্রাজিলের ওই চিকিৎসক যেন সেজে বসেছেন মৃত্যুর কারিগর। একে একে সাতজন রোগীকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) শয্যা ফাঁকা করতেই নাকি সহযোগীদের নিয়ে এসব রোগীকে হত্যা করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তাদের মতে, এভাবে তিনি ৩০০ জন রোগীকে হত্যা করে থাকতে পারেন। খবর রয়টার্সের।সরকারি কৌঁসুলিদের দেওয়া তথ্যমতে, দক্ষিণাঞ্চলীয় কিউরিটিবা নগরের এভাঞ্জেলিক্যাল হাসপাতালের ওই নারী চিকিৎসকের নাম ভার্জিনিয়া সোরেস ডি সুজা। তিনি ও তাঁর চিকিৎসাসেবা দেওয়া দলের সদস্যরা রোগীর শরীরে পেশি শিথিল করা ওষুধ প্রয়োগ করে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দিয়েছেন। এতে এসব রোগী মারা গেছেন। এভাবে ৫৬ বছর বয়সী এই চিকিৎসক ৩০০ জন রোগীকে হত্যা করেন বলে তদন্ত কর্মকর্তাদের ধারণা। তাঁর সহযোগী তিন চিকিৎসক ও তিন সেবিকার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। গত মাসে ওই নারী চিকিৎসককে গ্রেপ্তার করে সাতটি হত্যার অভিযোগ আনা হয়।পারানা রাজ্যের কৌঁসুলিরা জানান, রেকর্ড করা ফোনালাপ থেকে জানা গেছে যে অন্য রোগীদের জন্য হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের শয্যা খালি করতে এসব রোগীকে ভার্জিনিয়া হত্যা করেন। একটি ফোনালাপে তিনি বলেন, ‘আমি নিবিড় পরিচর্যাকেন্দ্র ফাঁকা করতে চাই। এটা এই মুহূর্তে আমার জন্য অস্বস্তিকর।’ডি সুজার আইনজীবী ইলিয়াস মাতা আসাদ বলেন, ‘একটি আইসিইউ কীভাবে কাজ করে, তদন্ত কর্মকর্তারা হয়তো তা বুঝতে পারেননি। ভার্জিনিয়াকে আমি নির্দোষ প্রমাণ করে ছাড়ব।’গত রোববার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান তদন্ত কর্মকর্তা মারিও লোবাতো একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, ‘ডি সুজার বিরুদ্ধে এর মধ্যে আমরা প্রায় ২০টির মতো অভিযোগ দাঁড় করিয়েছি। আরও ৩০০ মামলা করার চেষ্টা চলছে।’কৌঁসুলিরা যদি ভার্জিনিয়ার বিরুদ্ধে আনা ৩০০টি হত্যা মামলার অভিযোগ প্রমাণ করতে পারেন, তা হলে তা বিশ্বের সবচেয়ে জঘন্য ক্রমিক খুনের ঘটনা হতে পারে।