৩০০ সাংসদ হ্যাঁ বললেও সামরিক শাসন অবৈধ: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে সামরিক শাসন বলে কিছু নেই। সংসদের ৩০০ জন সাংসদও যদি একমত হয়ে বলেন যে সামরিক শাসন বৈধ, তার পরও সেটা অবৈধ থেকে যাবে। আর অবৈধ শাসনব্যবস্থা বাতিলের এখতিয়ার সব সময়ই আদালতের আছে। আদালত সংবিধানের রক্ষক। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সেন্টার ফর প্র্যাকটিকাল মাল্টিমিডিয়া স্টাডিজ (সিপিএমএস) আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিএনপির নেতা নাজমুল হুদা আইনমন্ত্রীর কাছে জানতে চান, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের এখতিয়ার আদালতের আছে কি না। আইনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর খোন্দকার মোশতাক ও বিচারপতি সায়েম ক্ষমতায় আসেন। কিছুদিন পরই ঘটনার নেপথ্য নায়ক জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং রাষ্ট্রপতি ও প্রধান সামরিক শাসকের দায়িত্ব নেন। ১৯৭৯ সালে বিএনপি ক্ষমতায় আসার পর পঞ্চম সংশোধনী পাস করে। এতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত যেসব সামরিক ফরমান জারি করা হয়েছিল সেগুলো বৈধ। সামরিক শাসনকে বৈধতা দেওয়ার ক্ষমতা সংসদকে কে দিল—এ বিষয়ে আইনমন্ত্রী প্রশ্ন তোলেন। তিনি বলেন, সংসদ কখনো সামরিক শাসনকে বৈধতা দিতে পারে না। তাই সংবিধানে অসাংবিধানিক যা কিছুই যোগ করা হোক না কেন, সেগুলো সব সময়ই অবৈধ থাকবে বলে তিনি মন্তব্য করেন।তবে নাজমুল হুদা তাঁর বক্তব্যে বলেন, সব ক্ষমতার উত্স জনগণ। কাজেই গণভোট বা নির্বাচিত প্রতিনিধি ছাড়া কারও সংবিধান পরিবর্তনের ক্ষমতা নেই। আদালতের মতো একটি অনির্বাচিত প্রতিষ্ঠান পঞ্চম সংশোধনী বাতিল করতে পারে না। তিনি আইনমন্ত্রীর কাছে জানতে চান, ‘আদালত কোন ক্ষমতাবলে এটা করল?’ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক। এতে মূল প্রবন্ধ পড়েন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্রিস্টিন ওরগারেট। এ ছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশীদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শেখ আবদুস সালাম প্রমুখ।