৩০৩টি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণ করার অভিযোগে রাজধানীর ৩০৩টি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রকে আবার নোটিশ দিচ্ছে পরিবেশ অধিদপ্তর। এ সপ্তাহের মধ্যেই দায়ী প্রতিষ্ঠানগুলো বরাবর নোটিশ পৌঁছে যাবে বলে অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রগুলো বলছে।খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক মাস আগেও এই হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রগুলোকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছিল। তালিকাভুক্ত ৯০ শতাংশ হাসপাতালের পরিবেশ ছাড়পত্র নেই। চিঠি পেয়ে ৭৬টি প্রতিষ্ঠান উত্তর দিয়েছিল। এদের বেশির ভাগই সময় বাড়ানোর অনুরোধ জানায়। অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলোর জবাব গ্রহণযোগ্য নয় বলে জানায় পরিবেশ অধিদপ্তর। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানের ছাড়পত্র অনুমোদনের পর্যায়ে রয়েছে। অবস্থার পরিবর্তন না হওয়ায় আবারও নোটিশ দেওয়া হচ্ছে।নোটিশে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘নির্বিচারে পরিবেশ দূষণসহ জনস্বাস্থ্যহানিকর/ক্ষতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে’ বলে অভিযোগ করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র নেয়নি। তাই সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে।পরিবেশ অধিদপ্তর চিঠিতে জানিয়েছে, এ ধরনের কার্যক্রম, পরিবেশ দূষণমূলক বিধিবহির্ভূত কার্যক্রম এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধ। এর আওতায় দায়ী ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড অথবা তিন বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক তিন লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, এই অপরাধের জন্য পরিবেশ অধিদপ্তর প্রথমে অভিযুক্ত হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করবে। পরে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে।জানা গেছে, হাসপাতালগুলোকে ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে মোট ১৯টি শর্ত মানতে হয়। রাজধানীর বেশির ভাগ হাসপাতালই এই নিয়ম মানছে না, যেমন—হাসপাতালের সংক্রমণ ছড়ায় এমন বর্জ্য (ইনফেকশাস), সংক্রমণ ছড়ায় না এমন বর্জ্য (নন-ইনফেকশাস), ধারালো ধাতব, প্লাস্টিক ইত্যাদি বর্জ্য আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করতে হবে। সুচ, সিরিঞ্জ, টেস্ট টিউব, প্লাস্টিক বর্জ্য অটোক্লেভ যন্ত্রে জীবাণুমুক্ত করার পর শ্রেডিং মেশিন দিয়ে প্লাস্টিক, কাটার দিয়ে সুচ এবং কাচের টিউব টুকরো টুকরো করে অপসারণ করতে হবে। বিষাক্ত তরল বর্জ্য পরিশোধন করে জীবাণুমুক্ত করে অপসারণ করতে হবে এবং ব্যবহূত তুলা, গজ, ব্যান্ডেজ ইত্যাদি পরিবেশসম্মত ইনসিনেরেটরে পুড়িয়ে ফেলতে হবে, শরীরের অংশ, ফিটাস ও টিস্যু পুঁতে ফেলতে হবে।স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক মুজিবুর রহমান জানান, নিয়মানুযায়ী এ বর্জ্য সংগ্রহের কথা ঢাকা সিটি করপোরেশনের। হাসপাতালগুলো লাল, হলুদ ও কালো রঙের কনটেইনারে ধারালো, ইনফেকশাস এবং সাধারণ আবর্জনা রাখবে। কাজটি করার জন্য প্রিজম বাংলাদেশ নামের একটি সংগঠনের সঙ্গে সিটি করপোরেশনের চুক্তি রয়েছে।কিন্তু প্রিজমের হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের সমন্বয়ক তড়িৎকান্তি দাস প্রথম আলোকে জানান, সব হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রের জন্য এই নিয়ম বাধ্যতামূলক হলেও শহরের মাত্র এক-চতুর্থাংশ হাসপাতাল নিয়মকানুন মানছে।পরিবেশ ছাড়পত্র নেই এবং দূষণ করছে এই তালিকায় সরকারি-বেসরকারি দুই ধরনের প্রতিষ্ঠানই রয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম মিরপুরের আল-হেলাল স্পেশালাইজড হসপিটাল। প্রতিষ্ঠানটি থেকে প্রতিদিন গড়ে ২২ কেজি ইনফেকশাস বর্জ্য, রিসাইকেল করা যায় এমন দুই কেজি বর্জ্য এবং আধা কেজি ধারালো বর্জ্য উৎপন্ন হচ্ছে।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) এ কে গুপ্তা প্রথম আলোকে বলেন, তাঁরা নিয়মানুযায়ী ঢাকা সিটি করপোরেশনকে বর্জ্য দিয়ে আসছেন। কিন্তু প্রতিষ্ঠানটির কোনো ছাড়পত্র নেই। হাসপাতালটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হলেও, মাত্র এ বছর ছাড়পত্র নেওয়ার কাজ শুরু করেছে বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তরের চিঠির উত্তর দিয়েছিল ঢাকার গ্রিন রোডে অবস্থিত ২০ বছরের পুরোনো হাসপাতাল ঢাকা রেনাল সেন্টার অ্যান্ড জেনারেল হসপিটাল। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন জানান, পরিবেশ ছাড়পত্র নেওয়ার কাজ চলছে। বর্জ্য অপসারণে কয়েক মাসে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, বর্জ্য সরকারি ব্যবস্থাপনায় অপসারণ করা হচ্ছে। বেশির ভাগই সিটি করপোরেশনের দায়িত্বে দেওয়া হয়, স্বল্প পরিমাণ বর্জ্য ফেলা হয় ডাস্টবিনে।স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে, এখন পর্যন্ত পরিবেশ দূষণের অভিযোগে কোনো হাসপাতাল বা রোগ নির্ণয় কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এ হাসপাতাল বর্জ্যের বিষয়ে খুব সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০০৮-এর খসড়া তৈরি হয়েছে। তবে এ নিয়ে তেমন একটা নাড়াচাড়া নেই। নতুন যে বিধিমালা আসছে, তাতে বাস্তবায়নকারী সংস্থা তিনটি—পরিবেশ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়। শাস্তির বিধান কে দেবে, সে সম্পর্কেও স্পষ্ট কিছু বলা নেই।